টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষিত
প্রথমবার বিশ্বকাপের স্কোয়াডের অংশ হলেন ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল
আপডেট করা - Sep 20, 2022 10:33 am

নিউজিল্যান্ড আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড প্রকাশ করেছে। ব্ল্যাকক্যাপস ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। গত সংস্করণের দল থেকে কাইল জ্যামিসন, টড অ্যাস্টল ও টিম সাইফার্ট বাদ পড়েছেন এবং সংযুক্ত হয়েছেন লকি ফার্গুসন, মাইকেল ব্রেসওয়েল ও ফিন অ্যালেন। সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করা দুই সিনিয়র খেলোয়াড় ট্রেন্ট বোল্ট ও জেমস নিশ্যামকে স্কোয়াডে রাখা হয়েছে।
তৃতীয়বারের মতো, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্ল্যাকক্যাপসের নেতৃত্ব দেবেন অধিনায়ক কেন উইলিয়ামসন। বোল্ট, ফার্গুসন, টিম সাউদি ও অ্যাডাম মিল্নকে দিয়ে নিউজিল্যান্ডর শক্তিশালী পেস আক্রমণে সজ্জিত। সম্প্রতি চোটের কারণে খেলতে না পারা মিল্নকে বিশ্বকাপের আগে ফিট অবস্থায় পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। দুই স্পিন বোলিং অলরাউন্ডার ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনারের সঙ্গে লেগ স্পিনার হিসাবে থাকছেন ইশ সোধি।
পাঁচজন অলরাউন্ডারের উপস্থিতি রয়েছে নিউজিল্যান্ড স্কোয়াডে
এই বছরের শুরুতে জাতীয় দলে আত্মপ্রকাশ করা ব্রেসওয়েল ইতিমধ্যেই নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। মিডল অর্ডারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারেই হ্যাট-ট্রিক করে নজির গড়েছেন। গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, স্যান্টনার, ব্রেসওয়েল, এবং নিশ্যাম স্কোয়াডকে আদর্শ ভারসাম্য প্রদান করবেন কারণ প্রত্যেকেই ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই অবদান রাখার ক্ষমতা রাখেন।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে, সেখানেও এই একই ১৫ জন খেলোয়াড়ই অংশ নেবেন। সিরিজের বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজটি তিনটি দলের জন্যই খুব কার্যকর প্রমাণিত হবে এবং ২০ ওভারের ফর্ম্যাটের বিশ্বকাপের জন্য তাদের যথাযথ প্রস্তুতির সুযোগ দেবে।
ব্রেসওয়েল ও অ্যালেন উভয়েই তাদের প্রথম বিশ্বকাপে উপস্থিত হবেন। বিস্ফোরক ওপেনার অ্যালেন তাঁর টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের সূযনা করেছেন চমকপ্রদভাবে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি সেঞ্চুরিও করেছেন। বিশেষজ্ঞ উইকেটকিপার হিসাবে দলে আছেন ডেভন কনওয়ে। প্রয়োজনে ফিলিপ্স ও অ্যালেনও উইকেটকিপারের গ্লাভস পরতে পারেন।
টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপ্স, জেমস নিশ্যাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, মার্টিন গাপ্টিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন।