গম্ভীর বাছাই করলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ
দুই স্পিনার হিসাবে বাছাই করেছেন অক্ষর ও চাহালকে
আপডেট করা - Oct 21, 2022 2:18 pm

ভারত ২৩শে অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অভিযান শুরু করতে চলেছে। ভারত একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে মেগা টুর্নামেন্টে প্রবেশ করছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি সিরিজ জেতায় ছন্দে থেকেই টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারতীয় দল।
টুর্নামেন্টে তারকা পেসার জসপ্রিত বুমরাহ্ ও স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে, ভারতীয় ম্যানেজমেন্ট তাদের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী একাদশ তৈরি করেছিল এবং ১৮৭ রানের লক্ষ্য রক্ষা করে ছয় রানের একটি সংকীর্ণ জয় পায়।
দুর্দান্ত ফর্মে থাকা ভারতের টপ অর্ডার সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা কঠিন নয় এবং ম্যানেজমেন্ট স্থায়ী টপ অর্ডারে বেশী পরিবর্তন করতে চাইবে না নিঃসন্দেহে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, জি নিউজের একটি শোতে, কেএল রাহুল ও অধিনায়ক রোহিত শর্মাকে ওপেনার হিসাবে রাখার পাশাপাশি তারকা ব্যাটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে ভারতের ব্যাটিং ক্রমের প্রথম চার সাজিয়েছেন।
তবে গম্ভীর প্রথম ম্যাচের জন্য তাঁর পছন্দের একাদশে উইকেটকিপার হিসাবে দীনেশ কার্তিককে নয়, বরং তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে অগ্রাধিকার দিয়ে একটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। শুধু উইকেটকিপার হিসাবেই নয়, কার্তিক ভারতের হয়ে সাম্প্রতিক টি-২০ ম্যাচগুলিতে ফিনিশার হিসাবেও নজর কেড়েছেন। যদিও গম্ভীর ব্যাখ্যা করেছেন যে কার্তিকের ভূমিকা ফিনিশার হিসাবেই সীমিত, যেখানে ভারত শুরুতেই উইকেট হারালে ফ্লোটার হিসাবে পান্তকে উপরের ক্রমে উন্নীত করা যেতে পারে।
ভুবনেশ্বর নাকি আর্শদীপ, দ্বিধায় গৌতম গম্ভীর
ভারতের বোলিং লাইন-আপের ক্ষেত্রেও কিছু সাহসী বাছাই করে অনেককে চমকে দিয়েছেন গম্ভীর। স্পিন বিভাগে অক্ষর প্যাটেলের প্রতিটি ম্যাচের প্রথম একাদশে থাকা নিশ্চিত, তবে প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীর যুজবেন্দ্র চাহালকে পাকিস্তান ম্যাচের প্রধান স্পিনার হিসাবে নির্বাচন করেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের আগে। সাম্প্রতিক ম্যাচে খুব বেশী উইকেট না পেলেও চাহাল ভারতের মূল স্পিন বিকল্প।
গম্ভীর শেষ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ শামির স্পেলে খুব মুগ্ধ হয়েছেন। তিনি বলেছেন যে শামি নতুন বলে খুব কার্যকর হতে পারেন এবং হর্ষাল প্যাটেলের সাথে শামির প্রথম ম্যাচের দলে থাকা উচিত। তবে ভুবনেশ্বর কুমার না আর্শদীপ সিং, এই নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি।
গৌতম গম্ভীরের বেছে নেওয়া একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং/ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।