এক স্টাম্প নিশানা করে নিখুঁত থ্রোয়ে রান আউটের পর এক হাতে উড়ন্ত ক্যাচ, ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দিলেন কোহলি

টিম ডেভিড ও প্যাট কামিন্স আউট হন কোহলির ফিল্ডিং পারদর্শিতার কারণে

Virat Kohli one-handed catch
Virat Kohli one-handed catch. (Photo Source: Twitter)

সোমবার (১৭ই অক্টোবর) ব্রিসবেনের গাব্বাতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে মেন ইন ব্লু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়ায় দলের পারফর্ম্যান্স সমালোচিত হয়েছিল। প্রস্তুতি ম্যাচে বিভিন্ন খেলোয়াড়রা ব্যাটিং, বোলিংয়ে নজর কাড়লেও বিরাট কোহলির ফিল্ডিং দক্ষতা আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

১৯তম ওভারে তিনি টিম ডেভিডকে প্রথমে ডিরেট হিটে রান আউট করেন। একটি ইয়র্কার জশ ইংলিস হালকা হাতে খেলে মিড উইকেটে পাঠিয়ে সিঙ্গল নেওয়ার চেষ্টা করলে কোহলি এক হাতে বল ধরে এক স্টাম্প নিশানা করে সরাসরি থ্রো মারেন এবং নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে আসা টিম ডেভিড তখনও ক্রিজে ঢুকতে পারেননি। ডেভিড ২ বলে ৫ রান করে আউট হন।

এরপর ২০তম ওভারে বোলিং করতে আসা মহম্মদ শামি প্রথম দুই বলে ইয়র্কার লেংথে ডেলিভারি করেন এবং দুই বলেই দুই রান করে মোট চার রান ওঠে। তৃতীয় বলটি ব্যাটারের মারার এলাকায় ছিল এবং কামিন্স একটি ফুল টস পেয়ে সজোরে মেরেছিলেন। যখন মনে হচ্ছিল বলটি নিশ্চিতভাবে বাউন্ডারি পেরোবে তখনই লং অনে দাঁড়ানো বিরাট কোহলি সঠিক সময়ে লাফ দিয়ে এক হাতে একটি দুর্ধর্ষ ক্যাচ নেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের এই অত্যাশ্চর্য প্রচেষ্টা সমস্ত দর্শক এবং ভারতীয় সতীর্থদের পাশাপাশি বিপক্ষ অস্ট্রেলিয়াকে স্তম্ভিত করে দেয়। 

শামির দুর্দান্ত শেষ ওভারের সৌজন্যে ভারতের জয় ৬ রানে

ম্যাচের প্রসঙ্গে, অস্ট্রেলিয়া একপর্যায়ে ম্যাচ জয়ের জন্য ফেভারিট ছিল। যদিও ভারতের দুর্দান্ত ডেথ বোলিংয়ের সৌজন্যে স্বাগতিকরা কাঙ্ক্ষিত ফল পায়নি। উল্লেখ্য, পুরো ম্যাচে বোলিং না করার পরেও শেষ ওভারে বোলিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল শামিকে এবং তিনি মাত্র চার রান দিয়ে তিন উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান।

বিশ্বকাপ স্কোয়াডে জসপ্রিত বুমরাহর জায়গায় আসা শামি ইয়র্কারের পর ইয়র্কার দিতে থাকেন এবং শেষ দুই বলে দুর্দান্ত দুটি ইয়র্কারের দুটিই প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্পে গিয়ে লাগে। তাঁর বোলিং দিয়ে সবাইকে মুগ্ধ করেন শামি। ভারতের ২০তম ওভারে শামির নেওয়া তিন উইকেট ছাড়া একটি রান আউটও ছিল।

close whatsapp