“এই খেলোয়াড়রা যেন মনোচিকিৎসকদের দেখায়” – বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য আক্রামের

প্রথম দশ ওভারের পরে বড় স্কোর তোলার মতো অবস্থায় থাকলেও বাংলাদেশ ১২৭ রানের বেশী করতে পারেনি

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সেমি-ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে রবিবার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ এবং শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এবং বোলিং কিংবদন্তী ওয়াসিম আক্রাম বাংলাদেশের হারের পরে একটি সাহসী মন্তব্য করেছেন। আক্রাম বলেছেন তাদের ব্যাটারদের উচিত মনোবিজ্ঞানীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করা।

বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার প্রস্থানের পরে যখন পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল তখন উভয় দলের সামনেই পরের পর্বে যাওয়ার দরজা খুলে গিয়েছিল। টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশের ইনিংসের একটি ভালো সূচনা করে শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের মিডল অর্ডারের জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরী করে দিয়েছিল। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের ফলে তারা মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারায় এবং ২০ ওভারের শেষে মাত্র ১২৭ রানে সীমাবদ্ধ হয়েছিল।

বাংলাদেশকে নিজেদেরই দোষ দিতে হবে: ওয়াসিম আক্রাম

“বাংলাদেশকে নিজেদেরই দোষ দিতে হবে। সেটাই উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা বাংলাদেশ দলের কোচ হতাম, আমি নিশ্চিত করতাম এই খেলোয়াড়রা যেন মনোচিকিৎসকদের দেখায়। কারণ এক পর্যায়ে শান্তর ৫৪ রান ছিল এবং পরিস্থিতি ঠিকঠাক চলছিল। ৭৩ রান করেছিল ২ উইকেট হারিয়ে এবং আমি ভেবেছিলাম তারা ১৬০ অবধি পৌঁছে যাবে। কিন্তু তারপর ইফতিখারের বলে একটি অদ্ভুত শট খেলে শান্ত আউট হয়ে যায়। যদি সিঙ্গল নিয়ে খেলত, তা হলে স্কোর অনায়াসে ১৫৫-তে পৌঁছে যেত,” আক্রাম একটি স্পোর্টস শো ‘দ্য প্যাভিলিয়ন’-এ বলেছেন।

আক্রাম মনে করেন যে বাংলাদেশী ব্যাটারদের দৃষ্টিভঙ্গিতে আরও বেশী বাস্তববাদী হওয়া উচিত ছিল এবং প্রতিপক্ষের সেরা বোলারদের বিরুদ্ধে বড় শট খেলা থেকে বিরত থাকা উচিত ছিল। তাঁর মনে হয়েছে বড় শট না খেলে যদি নিয়মিত স্ট্রাইক পরিবর্তন করা হত, তবে বাংলাদেশ ডেথ ওভারে আরও ভালো অবস্থানে থাকতে পারত।

“আন্তর্জাতিক পর্যায়ে, আপনি যখন দেখেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছেন এবং আপনি জানেন যে প্রতিপক্ষের অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য নিয়ে এসেছেন, এবং সেখানে আপনি শট খেলবেন না। আপনি সেই নির্দিষ্ট ওভারে স্ট্রাইক ঘোরানোর চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা ঠিক করে ফেলেছিল শাহীনকে আক্রমণ করেই খেলবে,” প্রাক্তন বাঁ-হাতি পেসার যোগ করেছেন।

close whatsapp