ঝাই রিচার্ডসনের পরিবর্ত খেলোয়াড় হিসেবে রিলে মেরেডিথকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

Riley Meredith
Riley Meredith. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শুরুটা ভালোভাবে করতে পারেনি পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্সের (আরসিবি) কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল এমআই।

রোহিত শর্মার নেতৃত্বাধীন দল আইপিএল শুরু হওয়ার আগে থেকেই চোট-আঘাতে জর্জরিত ছিল। এমআইয়ের অন্যতম অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহের পাশাপাশি ঝাই রিচার্ডসনও চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গিয়েছিলেন। ঝাই রিচার্ডসনের পরিবর্ত খেলোয়াড় হিসেবে ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার রিলে মেরেডিথকে সই করালো মুম্বাই ইন্ডিয়ান্স।

রিলে মেরেডিথ এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ১২টি উইকেট উইকেট পেয়েছেন। এবারের আইপিএল মরসুমে বল হাতে তার প্রদর্শন কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, মেরেডিথ আগের মরসুমেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। আইপিএলে তিনি পঞ্জাব কিংসের হয়ে ২০২১ সালের মরসুমে অভিষেক করেছিলেন। আইপিএলে তার সেরা বোলিং পরিসংখ্যান হল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স

৮ই এপ্রিল, শনিবার আইপিএল ২০২৩-এর ১২ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চারবারের আইপিএল শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে পরাজিত হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই কামব্যাক করে চেন্নাই সুপার কিংস। কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ১২ রানে পরাজিত করেছিল তারা। অধিনায়ক এমএস ধোনির ব্যাট থেকে ২টি বড় ছয় এসেছিল সেই ম্যাচে। সিএসকের ওপেনার রুতুরাজ গায়কওয়াড় দুটি ম্যাচেই ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন।

অন্যদিকে, নিজেদের প্ৰথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগই আশানুরূপ প্রদর্শন করতে পারেনি। এমআইয়ের মিডিল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা বাদে কেউ তেমন বড় ইনিংস খেলতে পারেননি। তিনি মাত্র ৪৬ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৪টি ছয়। এই ম্যাচে এমআইয়ের সব বোলাররাই অনেক রান দিয়েছিলেন এবং মাত্র ২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রদর্শন কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp