নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার, নতুন নেতাকে পেয়ে আপ্লুত ম্যাকালাম
আপডেট করা - Feb 16, 2022 5:33 pm

জল্পনাটা চলছিলই, অপেক্ষা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন আইপিএলের মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএল শুরু হতে এখনও প্রায় একমাস বাকি রয়েছে। তার আগেই নিজেদের অধিনায়ক ঠিক করে ফেলল দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নামার প্রস্তুতি যে এখন থেকেই তারা শুরু করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলে ১১.৫০ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে নিয়েছে। সরকারীভাবে শুধু তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্তের অপেক্ষা ছিল।
এবারের আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগে থেকেই শ্রেয়স আইয়ারকে নিয়ে চর্চা ছিল। তিনটি দলের নজর ছিল তাঁর দিকে। কলকাতা নাইট রাইডার্স তো বটেই, সেইসঙ্গে শ্রেয়সের দিকে তাকিয়ে ছিল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। কারণ ছিল একটাই, তিন দলেরই প্রয়োজন ছিল একজন যোগ্য অধিনায়কের। আর সেই লক্ষ্যে শ্রেয়স আইয়ার ছিলেন শক্তিশালী দাবীদার।
এবারের নিলাম শুরুর আগে থেকেই শ্রেয়সকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তাঁকে অধিনায়ক করার জন্য কেকেআরও যে ঝাঁপাতে চলেছে, সেই আভাসও পাওয়া গিয়েছিল। আইপিএলের মেগা নিলামের প্রথম দিন থেকেই ছিল শ্রেয়সকে নিয়ে লড়াই হওয়ার অপেক্ষা। সেরা দশ মার্কি ক্রিকেটারদের মধ্যে ছিলেন তিনি। নাম ওঠার সঙ্গেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল লড়াই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কেকেআর ও পঞ্জাব এই তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই ছিল দেখার মতো। অবশ্যই তাঁকে ফেরাতে মরিয়া ছিল দিল্লি ক্যাপিটালসও। কিন্তু শেষরক্ষা হয়নি। সকলকে টক্কর দিয়ে শ্রেয়স আইয়ারকে নেওয়ার লক্ষ্যে সফল হয় কলকাতা নাইট রাই়াডার্স। মার্কি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামে তাঁকে নিজেদের ঘরে তুলে নেয় নাইট বাহিনী। ১১.৫০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে আসেন শ্রেয়স আইয়ার।
নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার, তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ম্যাকালাম
সেই থেকেই মোটামুটি অধিনায়কের পদে তাঁর জায়গা পাকা হয়ে গিয়েছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে সেটাই ঘোষণা হয়ে গেল। তাঁকে অধিনায়ক হিসাবে পেয়ে আপ্লুত ব্রেন্ডন ম্যাকালাম। তিনি জানিয়েছেন, “ভারতবর্ষের ক্রিকেটের অন্যতম ভবিষ্যতের তারকাকে অধিনায়ক হিসাবে পেয়ে আমি আপ্লুত। শ্রেয়সের খেলা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা আমি উপভোগ করি। এবার তাঁর সঙ্গে আরও কাছ থেকে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। তাঁর হাত ধরে ককেআর আরও এগিয়ে যাবে”।
আসন্ন আইপিএলে আট দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে। তারজন্যই নেগা নিলামের আয়োজন। আর সেখানেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের বেসীরভাগ ক্রিকেটারদের ছেড়ে দিতে হয়েছিল। দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যানকে ছাড়ার পরই নাইট রাইডার্সের একটা মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছিল। আসন্ন মরসুমের জন্য তারা নতুন নেতা খুঁজছেন। আর সেটাই নিলামের প্রথম দিন তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এখন শুধুই শ্রেয়সের নাইট বাহিনী নিয়ে মাঠে নামার অপেক্ষা।