মহিলাদের আইপিএলের চেয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ, স্পষ্ট কথা মিতালী রাজের

আইপিএল সংগঠনের সিদ্ধান্ত ছাড়লেন বিসিসিআইয়ের উপর

Mithali Raj
Mithali Raj. (Photo by Ashley Allen – ECB/ECB via Getty Images)

গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেটমহলে মহিলাদের আইপিএল একটি  আলোচনার বিষয়। প্রায়ই শোনা যায় যে টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা শীঘ্রই বাস্তবে পরিণত হবে। বর্তমানে অনুমান করা হচ্ছে ২০২২ সালে ইভেন্টটির আত্মপ্রকাশ ঘটতে পারে। তবে ভারতীয় অধিনায়ক মিতালী রাজ জোর দিয়ে জানিয়েছেন যে বর্তমানে আইপিএলের চেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত আসন্ন ৫০-ওভারের বিশ্বকাপ।

২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ, যেখানে গত সংস্করণের রানার্স-আপ ভারতীয় দল অন্যতম ফেভারিট হিসেবে নামছে। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ২০২১-এই। কিন্তু কোভিড মহামারীর কারণে পিছতে হয়েছিল। ২০১৭-ই আয়োজিত শেষ বিশ্বকাপে লর্ডসে ফাইনালে আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে মাত্র নয় রানে হারে ভারত। ওই ফাইনাল এক দিকে যেমন ভারতীয় মহিলা ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল, অন্যদিকে তেমনই ফাইনালে এসে ট্রফি জিততে না পারার হতাশাও এনেছিল। 

মহিলাদের আইপিএল কখন হতে পারে তার সেরা বিচারক বিসিসিআই: মিতালী রাজ

ক্রিকেট.কম-এর সাথে একটি সাম্প্রতিক কথোপকথনে, মিতালি প্রকাশ করেছেন যে তিনি মনে করেন যে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) যখন ঠিক মনে করবে তখনই এই টুর্নামেন্টটি শুরু করবে। তিনি ব্যাখ্যা করেছেন যে টুর্নামেন্টটি আয়োজন করা ছাড়াও, বোর্ডের আরও অনেক কিছুর দিকে নজর দেওয়া উচিত। তাই তিনি মনে করেন যে সেসব সমস্যার সমাধানের পরেই সঠিক সময়ে বিসিসিআই আইপিএল শুরু করবে। 

তিনি বিষয়টি আরও ব্যাখ্যা করেছেন, “এই মুহূর্তে, আমি মনে করি আইপিএল নিয়ে কথা বলার পরিবর্তে, বেশি গুরুত্বপূর্ণ হল পরবর্তী বিশ্বকাপে ফোকাস করা কারণ এটি একটি বড় ইভেন্ট। এই মুহূর্তে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। দলটি যদি বিশ্বকাপে ভালো করে, তাহলে তা দেশের খেলাধুলার জন্য এবং দেশীয় খেলোয়াড়দের জন্যও একটি বড় উৎসাহপ্রদ ঘটনা হবে।”

১৯৯৯ সাল থেকে জাতীয় দলের অংশ মিতালী। নিউজিল্যান্ডে আয়োজিত মেগা ইভেন্টের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। অদূর ভবিষ্যতেই যে মহিলাদের আইপিএল হবে সেই ব্যাপারে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেছেন যে দেশীয় খেলোয়াড়দের সংখ্যা এখন অনেক বেশি, যার ফলে মহিলাদের আইপিএলে ভালো মানের ক্রিকেটার পেতে অসুবিধা হবে না। 

“এই মরসুমে ঘরোয়া ক্রিকেটের মানে বিশাল পরিবর্তন এসেছে। ঘরোয়া মরসুমে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভালো মানের ক্রিকেটার বেড়েছে। ভারত-এ, ভারতীয় উদীয়মান দল, অনূর্ধ্ব-19 দল থাকার ফলে, ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত উন্নতির ফলে খেলোয়াড়রা প্রতিভা দেখানোর প্ল্যাটফর্ম পাচ্ছে,” মিতালী শেষ করেছেন। 

close whatsapp