সংখ্যা দিয়ে নিজের বিচার করি না, ফোকাস করি গুরুত্বপূর্ণ অবদান রাখার দিকে: হরমনপ্রীত কউর

তিনি জানালেন দলের প্রয়োজনে যে কোন ব্যাটিং পজিশনে নামতে অসুবিধা নেই

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by Chris Hyde/Getty Images)

টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর সঠিক সময়ে ফর্মে ফিরেছেন। বেশ কয়েকটি ম্যাচে একেবারেই পারফর্ম করতে না পারা হরমনপ্রীত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। মিতালী রাজ ও তাঁর সতীর্থরা আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে তাঁদের ট্রফির অপেক্ষা এবার শেষ করতে চায়ছেন।

অত্যন্ত প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পেয়ে, হরমনপ্রীত তাঁর সতীর্থদের এবং সাপোর্ট স্টাফদের জন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে হরমনপ্রীত কউর বলেছেন, “আমার পারফরম্যান্সে অনেক উত্থান-পতন ছিল। দ্য হান্ড্রেড আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার ইনিংসটিও আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার ছন্দ ফিরে পেয়েছি এবং এটি ধরে রাখা গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত

তিনি যোগ করেছেন, “নিজের কাছ থেকে আমার প্রত্যাশা অনেক বেশি। আমি দলে আমার ভূমিকা জানি এবং আমি ভাল করতে চাই কিন্তু কখনও কখনও অনেক কিছু পক্ষে থাকে না। আমি যে শেষ দুটি ইনিংস খেলেছি তা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। যখন পরিস্থিতি ঠিকঠাক থাকে না, তখন অনেকেই অনেক কথা বলে। সাপোর্ট স্টাফদের একটি ভালো ব্যবস্থা আছে এবং আমি তাদের জন্য কৃতজ্ঞ। যখন আপনি ভেঙে পড়েন তখন এই ধরণের ব্যক্তিরা উৎসাহিত করতে পারে।”

মহিলাদের দ্য হান্ড্রেড এবং মহিলা বিগ ব্যাশ লিগে তাঁর দুর্দান্ত ফর্ম ছিল কিন্তু ভারতীয় জার্সিতে তিনি ছন্দ হারিয়েছিলেন। যদিও, পাঞ্জাবের ৩২ বছর বয়সী ক্রিকেটার প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যা নিঃসন্দেহে তাঁর উপর থেকে চাপ কমাবে।

হারমনপ্রীত কউর ২০১৭ বিশ্বকাপ সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ ডেলিভারিতে অপরাজিত ১৭১ করে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটি খেলেছিলেন। সেই ইনিংসের পর তৈরী হওয়া প্রত্যাশা তিনি পূরণ করতে না প্রায়শই তিনি সমালোচিত হন। হরমনপ্রীত কউর জানিয়েছেন যে তিনি সংখ্যায় ফোকাস করেন না, বরং দলে মূল্যবান অবদান রাখার চেষ্টা করেন। হারমনপ্রীতের ভাষ্যে, “আমি জানি লোকে ১৭১ সম্পর্কে অনেক কথা বলে। সেই ইনিংস এমন একটি মান নির্ধারণ করেছে যেটার পর ৪০ বা ৫০-এর গুরুত্বপূর্ণ ইনিংসও কম পড়ে। আমি সংখ্যার ভিত্তিতে নিজেকে বিচার করি না। আমি ফোকাস করি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখাতে এবং আমি পরিস্থিতি অনুযায়ী খেলি।”  

তাঁর ব্যাটিং পজিশন সম্পর্কে কথা বলতে গিয়ে, হরমনপ্রীত কউর বলেছিলেন যে তিনি ৫ নম্বরে ব্যাট করার জন্য সবচেয়ে উপযুক্ত; তবে, ম্যাচ পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যাটিং ক্রম পরিবর্তন করতে তিনি অনিচ্ছুক নন। “আমি এর উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই। অধিনায়ক বা কোচের উত্তর দেওয়া ভালো কারণ এটি তাদের সিদ্ধান্ত, আমার নয়। আমার ব্যাটিং পজিশন সাধারণত ৫ নম্বরে। যদি কোনো পরিবর্তন আসে, আমরা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব এই ব্যাপারে,” টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন।

close whatsapp