ক্রিকেটের মানে পিএসএল নাকি আইপিএলের খুব কাছাকাছি! আবারও মাইকেল ভনের খোঁচা

পিএসএলের খেলা দেখে মুগ্ধ ভন টুর্নামেন্টটিকে বিশ্বের দ্বিতীয় সেরা টি-২০ লিগ মনে করেন

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

বিস্ফোরক বিভিন্ন মন্তব্য করে প্রায়শই খোরাকের পাত্র হয়েছেন তিনি। আবারও মাইকেল ভনের পক্ষ থেকে এমন একটি তির্যক মন্তব্য এসেছে যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যেতে পারে। নিজের মনের কথা খুলে বলতে ভন কখনওই বিব্রত বোধ করেননি এবং সম্প্রতি তিনি নিজের ঠোঁটকাটা স্বভাবের আরও একটি নিদর্শন রেখে বললেন যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের গুণগত মানের দিক থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে খুব বেশী পিছিয়ে নেই।

ভন তাঁর মনোভাব প্রকাশ্যে জানাতে টুইটারে সেই মন্তব্য করেছেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক টুইট করে জানিয়েছেন যে পাকিস্তান সুপার লিগ বিশ্বের দ্বিতীয় সেরা টি-২০ টুর্নামেন্ট এবং এটি আইপিএলের থেকে খুব বেশি পিছিয়ে নেই। এ ছাড়া আরও যোগ করেছেন যে টুর্নামেন্টে ক্রিকেটের মান অসামান্য। 

পিএসএল ও আইপিএলের তুলনা করে মাইকেল ভনের সেই টুইট

“পাকিস্তান সুপার লিগ বিশ্বের ২য় সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট .. আইপিএলের থেকে খুব বেশি পিছিয়ে নেই .. ক্রিকেটের মান অসামান্য .. #পাকিস্তান #পিএসএল” মাইকেল ভন টুইট করেছেন।

এদিকে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২২ সংস্করণ বর্তমানে করাচিতে চলছে। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতান্সকে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে। সুলতান্স এখনও পর্যন্ত প্রতিযোগিতায় যে ৪টি ম্যাচ খেলেছে তার সবকটিই জিতেছে এবং পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। করাচি কিংস রয়েছে শেষ অবস্থানে। পিএসএল ২৭শে ফেব্রুয়ারি ২০২২-এ শেষ হবে৷

২০১৬ সালে শুরু হওয়া পিএসএলের সপ্তম সংস্করণ চলছে এই বছর। উদ্বোধনী সংস্করণের চ্যাম্পিয়ন ছিল ইসলামাবাদ ইউনাইটেড। সবচেয়ে বেশীবার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেডই। তারা দুবার এই টুর্নামেন্ট জিততে সক্ষম হয়। এ ছাড়া আরও চারটি দল একবার করে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তারা হল পেশোয়ার জালমি, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস, মুলতান সুলতান্স।

অন্যদিকে, আইপিএলের মেগা নিলাম এই বছরের ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে৷ নিলামের জন্য মোট ৫৯০ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছে। আইপিএল ২০২২ অন্য সব আইপিএলের চেয়ে বড় হতে চলেছে, কারণ এই বছর আরও ২টি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ করা হয়েছে৷ যে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় এসেছে সেই দুটি হল লখনউ ও আহমেদাবাদ। ২৭শে মার্চ আইপিএলের ১৫তম সংস্করণ শুরু হওয়ার কথা। 

close whatsapp