পাঁচ বছরের চমৎকার অভিযানের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদকে ধন্যবাদ রশিদ খানের
আইপিএল কেরিয়ারের শুরু থেকেই হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত ছিলেন রশিদ
আপডেট করা - Dec 1, 2021 4:12 pm

আইপিএল ২০২২-এর নিলামের আগে মঙ্গলবার ৩০শে নভেম্বর ছিল ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশ করার শেষ দিন। সেই তালিকায় যে নামের অনুপস্থিতি সবচেয়ে বেশী বিস্ময়ের উদ্রেক করেছে সেটি হল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) তালিকায় রশিদ খানের অনুপস্থিতি। ২০১৭-য় আইপিএল কেরিয়ারের শুরু থেকেই এসআরএইচের সঙ্গে জড়িত ছিলেন রশিদ। এতোদিনের সম্পর্কের জন্য আফগান স্পিনার ধন্যবাদ জানিয়েছেন।
এসআরএইচ যে রিটেনশন তালিকা প্রকাশ করেছে সেখানে স্থান পেয়েছেন কেন উইলিয়ামসন (১৪ কোটি), এবং আনক্যাপড ভারতীয় আব্দুল সামাদ (৪ কোটি) ও উমরান মালিক (৪ কোটি)। নতুন সংযুক্ত হওয়া দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আহমেদাবাদ যদি রশিদকে নিলামের আগে নিজেদের দলে নিয়ে নেয় বা নিলামের সময় যদি রশিদকে কেনার মতো অর্থ খরচ করতে না পারে হায়দ্রাবাদ, তবে ৫ মরসুম ধরে চলা একটি সাফল্যমণ্ডিত সম্পর্কে ইতি টানা হবে।
রশিদ খান এসআরএইচের হয়ে ৭৬টি আইপিএল ম্যাচে ৬.৩৩ ইকোনমি রেটে মোট ৯৩টি উইকেট নিয়েছেন এবং তাদের বোলিং আক্রমণের প্রধান স্তম্ভ ছিলেন। উল্লেখ্য, বিগত পাঁচ বছরের সানরাইজার্সের হয়ে একটিও ম্যাচ মিস করেননি এই তারকা লেগ স্পিনার।
সোশ্যাল মিডিয়ায় এসআরএইচকে ধন্যবাদ জ্ঞাপন রশিদের
আফগানিস্তান লেগ-স্পিনার তাঁর কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে তাঁর উপর “বিশ্বাস করার” জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়েছেন। ভক্তদের ক্রমাগত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।
রশিদ খান তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে এটি একটি চমৎকার অভিযান ছিল। আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আমাকে বিশ্বাস করার জন্য আপনাদের ধন্যবাদ। #OrangeArmy তোমরা আমার কাছে শক্তির স্তম্ভ এবং আমি চিরকাল এই ধরনের অসাধারণ ভক্তদের জন্য কৃতজ্ঞ থাকব।”
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, রিটেইশন তালিকায় ১ নম্বর প্লেয়ার হিসেবে থাকতে চান বলে জানিয়েছিলেন রশিদ। তবে, হায়দ্রাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্রথম স্থানে থাকার সুযোগ দেওয়ায় রশিদ দল ছাড়লেন।
“সানরাইজার্স হায়দ্রাবাদ শুধুমাত্র উইলিয়ামসনকে ধরে রাখতে পারে, তিনি তাদের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করা অব্যাহত রাখবেন। দ্বিতীয় রিটেনশন হতে পারে রশিদ কিন্তু দল ও উক্ত খেলোয়াড় দুই পক্ষের মধ্যে কঠিন দর কষাকষি চলছে,” রিপোর্ট করেছিল ক্রিকবাজ।
সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও, কে শাম্মি, পরে যদিও বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি রশিদের সিদ্ধান্তকে সম্মান করে এবং যদি সম্ভব হয় তবে তারা তাঁকে মেগা নিলামে পুনরায় কেনার চেষ্টা করবে।