ভবিষ্যতের তারকা ভারতীয় স্পিনার হিসেবে রবি বিষ্ণোইকে বাছলেন রশিদ খান
চলতি আইপিএলে বিষ্ণোই ১৩ উইকেট নিয়েছেন
আপডেট করা - May 29, 2022 4:13 pm

গুজরাত টাইটান্স তাদের প্রথম আবির্ভাবেই আইপিএল ২০২২-এর ফাইনালে জায়গা করে নিয়েছে এবং আহমেদাবাদে গৌরব অর্জনের জন্য উদ্বোধনী সংস্করণের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করবে। জিটি বোলারদের মধ্যে অন্যতম সেরা পারফর্ম করা রশিদ খান সম্প্রতি এমন এক ভারতীয় প্রতিভা সম্পর্কে বলেছেন যিনি আগামী বছরগুলিতে জাতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারেন। জিটির হয়ে এখনও পর্যন্ত ১৫ ম্যাচে ১৮ উইকেট নেওয়া রশিদ রবি বিষ্ণোইয়ের প্রশংসা করেছেন।
রশিদ বলেছেন লখনউ সুপার জায়ান্টস লেগ স্পিনার রবি বিষ্ণোই তাঁর সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন এবং তাতে তাঁর মনে হয়েছে আগামী বছরগুলিতে ভারতের হয়ে ভালো করার জন্য সমস্ত উপাদান মজুত আছে বিষ্ণোইয়ের। বিষ্ণোই এলএসজির হয়ে ১৪টি খেলায় ১৩টি উইকেট নিয়েছেন।
“বিষ্ণোই একজন তরুণ প্রতিভা। আমি তার সাথে বেশ কয়েকবার কথা বলেছি। আগামী বছরগুলিতে সে ভারতের একজন বড় তারকা হবে। যদি সে তার দক্ষতার উপর আস্থা রাখে এবং সমর্থন পায় ঠিকমত, তা হলে সে অবশ্যই ভারতের হয়ে একজন বড় বোলার হবে,” ক্রিকেট ডটকম-এর উদ্ধৃতি দিয়ে রশিদ খান বলেছেন।
চাহাল কঠিন ওভার বোলিং করেছে, বলেছেন রশিদ
কথোপকথনে আরও এগিয়ে নিয়ে, রশিদ ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালেরও প্রশংসা করেছেন এবং জানিয়েছেন গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তিনি ভালো পারফর্ম করেছেন। আফগানিস্তান তারকা বলেছেন চাহাল আরসিবি তথা ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ওভার বোলিং করেছেন এবং তাঁর দক্ষতা দুর্দান্তভাবে প্রদর্শন করেছেন। ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং চাহালের এই মুহুর্তে ২৬ উইকেট রয়েছে এবং শীর্ষ উইকেটশিকারীর তালিকায় চাহাল দ্বিতীয় স্থানে আছেন গড়ের নিরিখে। চাহাল যদিও আরও একটি ম্যাচ পাবেন পার্পল ক্যাপ নিজের নামে করতে।
“অবশ্যই সে সেরা স্পিনার কারণ সে আরসিবি এবং ভারতের হয়ে যেভাবে পারফর্ম করেছে তা অসামান্য। সে ভারত এবং আরসিবির হয়ে কঠিন ওভার বোলিং করেছে, যা খুব কঠিন। সে বেঙ্গালুরুতে বেশিরভাগ ম্যাচ খেলেছে, সেটি একটি ছোট মাঠ, এবং সে তার দক্ষতা উজ্জ্বলভাবে দেখিয়েছে,” তিনি যোগ করেছেন।