নিউজিল্যান্ড ম্যাচে ভারতের এই ৩ ক্রিকেটার প্রথম একাদশে আসতে পারে
আপডেট করা - Oct 28, 2021 3:55 pm

আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। ওই ম্যাচে হারলেই সেমিফাইনালে যাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার কাছে। তবে বাকি তিনটে ম্যাচ তুলনায় সহজ বলেই আশা ভারতীয় সমর্থকদের। আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছেন, এই তিন দলের বিরুদ্ধে অনায়াসে জিতবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এই গ্রুপ থেকে রয়েছে এই তিনটে দলই ৷ যদিও ভুলে গেলে চলবে না আফগানিস্তানও দারুণ ছন্দে রয়েছে ৷
যদি কিন্তু বাদ দিয়ে ভারত যদি রবিবার ম্যাচে তাদের প্রথম একাদশ নিয়ে ভাবে, তাহলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন তিন জন ক্রিকেটার প্রথম একাদশে ঢুকতে পারে। তারা কারা ?
পাকিস্তান ম্যাচে ব্যাট করার সময়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন হার্দিক। সঙ্গে সঙ্গেই অবশ্য তাঁকে স্ক্যান করতে পাঠানো হয়েছিল। তবে চোট গুরুতর ছিল না বলে পরে জানা যায়। এর আগে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া গিয়েছিল, হার্দিক পান্ডিয়া এবং টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, হার্দিক পান্ডিয়া এখন অনেকটাই সুস্থ৷ কিন্তু হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে প্রথম একাদশে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বল হাতে অনুশীলনে দেখা গিয়েছে হার্দিককে। তাই ইশান কিসানের প্রথম একাদশে আসা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভূবনেশ্বর কুমারের বোলিং একবারেই রবিবার ম্যাচের আগে ভালো খবর নয়। তাই তাঁর বদলি হিসেবে শার্দুল ঠাকুরকে প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার বরুণ চক্রবর্তী প্রথম ম্যাচে সেই ভাবে দাগ কাটতে না পারায় ডু অর ডাই ম্যাচে টিম ম্যানেজমেন্ট রবিচন্দ্ন অশ্বিনকে প্রথম একাদশে খেলাতে পারে। তাই রবিবার ম্যাচে এই তিনিটি পরিবর্তন দেখা গেলেও যেতে পারে।