অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হলো আশ্চর্য নম্বরের খেলা!
আপডেট করা - Oct 23, 2021 8:23 pm

শনিবার বিশ্বকাপের সুপার ১২-র উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। লো স্কোরিং ম্যাচে একটা সময় মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল অজিরা। কিন্তু শেষ অবধি মার্কস স্টোয়নিস (২৪ অপ), ম্যাথু ওয়েড (১৫ অপ)-এর পার্টনারশিপ অজিদের জিতিয়ে আনেন।
তবে আজকের ম্যাচে আজব ১ আর ৩ পরিসংখ্যান দেখা গেল। গ্রুপ পর্ব মিলিয়ে টি ২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়া – দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছিল ১৩তম। ম্যাচের প্রথম উইকেট হিসাবে প্রোটিয়া অধিনায়ক কেম্বা বাভুমা ম্যাচের ১.৩ ওভারে দলের ১৩ রানের মাথায় আউট হন এখানেই কিন্তু সংখ্যার খেলা শেষ হয়নি। হেনরিচ ক্লাসেনকে ম্যাচের অষ্টম ওভারে ১৩ বলে ১৩ রান করার পর ফেরান প্যাট কামিন্স। ঘটনাক্রমে সেই সময় নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা এডেন মার্করামও তখন ক্লাসেনের সমসংখ্যক ১৩ বলই খেলেছিলেন। এক ম্যাচে ১ ও ৩, দুই সংখ্যার এমন খেলা সত্যি সত্যিই খুবই বিরল এবং একাধারে আশ্চর্যও বটে।
প্রসঙ্গত, এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। শেষের দিকে রাবাদা (১৯)-র ইনিংসের সৌজন্য দক্ষিণ আফ্রিকা ১১৮ রান করে। মিটেল স্টার্ক, হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।
অল্প রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া খারাপ শুরু করে। শূন্য রানে আউট হন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার (১৪)-র তেমন কিছুই করতে পারলেন না। তিনে নেমে ব্যর্থ মিচেল মার্শ (১১)। স্টিভ স্মিথ এরপর লড়েন। কিন্তু স্মিথ (৩৫)-ম্যাক্সওয়েল (১৮) আউটের পর দারুণ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৮১ রানে ৫ উইকেট হারায় অজিরা। সেখান থেকে ঠান্ডা মাথায় দলকে জেতান মার্কস স্টোয়নিস (২৪ অপ), ম্যাথু ওয়েড (১৫ অপ)। দু বল বাকি থাকতে জেতে অস্ট্রেলিয়া।