লিয়াম লিভিংস্টোনের দাপটে পঞ্জাবের বিরাট জয়ের মঞ্চেই হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের

Liam Livingstone
Liam Livingstone. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। আর ক্রিজে দাঁড়িয়ে সেই বিরাট অঘটনের স্বাক্ষী রইলেন মহেন্দ্র সিং ধোনি। শেষপর্যন্ত লড়াইটা চালালেও ফিনিশার হয়ে উঠতে পারলেন না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। আর তাতেই আইপিএলের মঞ্চে সবচেয়ে খারাপ রেকর্ডটা এবার দেখতে হল চেন্নাইয়ের সুপার কিংসদের। গত ১৪টি আইপিএলের মরশুমে যা কখনও হয়নি এবার সেটাই হল। আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গেল চেন্নাই সুপার কিংস। পঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে হারল চারবারের চ্যাম্পিয়নরা।

যদিও এদিন চেন্নাই বধের প্রধান নায়ক লিয়াম লিভিংস্টোন। ব্যট হাতে যেমন ঝোরো ইনিংস খেলেছেন, তেমনই বল হাতেও এদিন মাঠে কামাল দেখিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসকে বিরাট রানের ব্যবধানে হারিয়ে দিল ময়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। ব্যাট হাতে এদিন ৬০ রানের দুরিধর্ষ ইনিংস খেলে পঞ্জাবের জয়ের ভিতটা গড়ে দিয়ে এসেছিলেন তিনি। আর বল হাতে দুবে এবং ব্র্যাভোকে তুলে নিয়ে লিভিংস্টোনই জয়টা পাকা করে দেন।

ব্যাট হাতে ৬০ রান ও জোড়া উইকেট নিয়ে পঞ্জাবের জয়ের নায়ক লিভিংস্টোন

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জদেজা। কিন্তু তাঁর কোনও পরিল্পনাই এদিন সফল হয়নি। বরং শুরু থেকেই পঞ্জাবের ব্যাটাররা ছিলেন দুর্ধর্ষ ফর্মে। ময়াঙ্ক আগরওয়াল অবশ্য এদিনও ব্যর্থ হয়েছেন। তিনি ফেরেন ৪ রানে। কিন্তু লিয়াম লিভিংস্টোন ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাই ১৪ রানের মধ্য দুই উইকেট খোয়ালেও, পঞ্জাবের বড় রান গড়ে তুলতে খুব একটা অসুবিধা হয়নি।

শিখর ধওয়ানের সঙ্গে ৯৫ রানের একটা পার্টনারশিপ গড়েন তিনি। আর সেই একটা পার্টনারশিপই এদিন চেন্নাই সুপার কিংসের ভাগ্যটা বদলে দিয়েছিল। যদিও লিয়াম লিভিংস্টোনের দুটো ক্যাচ না ফস্কালে ম্যাচের রঙ অন্যকিছু হতেই পারতো। কিন্তু তা হয়নি। লিভিংস্টোন এদিন ৩২ বলে ৬০ রানের ঝোরো ইনিংস খেলেন। সেখানেই রয়েছে পাঁচটি ওভার বাউন্ডারি। যারমধ্যে একটি এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচয়ে বড় ছয়। ১০৮ মিটারের ছয়  মারেন লিয়াম লিভিংস্টোন। পাঁচটি ছয় ছাড়াও লিভিংস্টোনের ব্যাট থেকে এদিন আসে পাঁচটি বাউন্ডারিও।

পঞ্জাব কিংস এদিন থামে ১৮০রানে। যদিও আইপিএলের মতো মঞ্চে এই রান তাড়া করে জেতাই যায়। কিন্তু পঞ্জাব ব্যাটারদের পর বোলাররাও এদিন চেন্নাইকে একবারের জন্যও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি। বরং বল হাতে প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের ওপর চাপ বজায় রেখেছিল তারা। প্রথম ওভার থেকেই উইকেট নেওয়া শুরু তাদের। আর প্রথম ধাক্কাটা দেন কাগিসো রাবাডা গায়কোয়াড়কে সাজঘরে ফিরিয়ে দিয়ে।

আইপিএলের মঞ্চে এই প্রথমবার প্রথম তিন ম্যাচেই হারের রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস

এরপর ক্রিজে অভিষেকেই কামাল দেখান বৈভব অরোরা। তিনি মোঈন আলি এবং উত্থাপ্পাকে এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দেন।  ৩৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসের হার তখনই নিশচিত হয়ে গিয়েছিল। যদিও চেন্নাই একেবারে তখনও হাল ছাড়েননি। শিবম দুবেকে নিয়ে ধোনি পার্টনারশিপ গড়লেও, তা পঞ্জাবকে হারানোর জন্য এদিন যথেষ্ট ছিল না। চেন্নাইয়ের হয়ে এদিন সর্বোচ্চ ৫৭ রানে ফেরেন শিবম দুবে। আর সেই জুটি ভেঙে পঞ্জাবের জয়টা নিশ্চিত করে দেন সেই লিভিংস্টোন।

এরপরই মাঝে লিয়াম লিভিংস্টোনের শিকার ডোয়েন ব্রাভো । চেন্নাই সুপার কিংসের হারটা তখন সময়ের অপেক্ষা। ধোনি একটা চেষ্টা চালানোর লড়াই করলেও , তাকে থামতে হয় ২৩ রানেই। ১২৬ রানেই শেষ হয়ে যায় এদিন চেন্নাই সুপার কিংসের ইনিংস। আর সেইসঙ্গেই লিগ টেবিলের ৯ নম্বরে নেমে গেল চেন্নাই সুপার কিংস। আর ৬০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা লিয়াম লিভিংস্টোন।

close whatsapp