জস বাটলার এক মরসুমের প্রথম সাতম্যাচে সর্বোচ্চ রান করে ভাঙলেন গেইলের রেকর্ড
আপডেট করা - Apr 23, 2022 6:24 pm

এবারের আইপিএলে পা রাখার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন জস বাটলার। রাজস্থানের হয়ে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে শুধু চার ও ছয়ের বন্যা। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে এক মরসুমে তিনটি শতরান পেয়ে গিয়েছেন জস বাটলার। বিরাট কোহলির রেকর্ড ছোয়ার থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই মঞ্চে দাঁড়িয়েই অবশ্য ভেঙে দিয়েছেন আরেক তারকার রেকর্ড। ক্রিস গেইলের ১১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন জস বাটলার।
আইপিএলে তাঁর প্রথম ম্যাচ বাদ দিলে বাকি ছয় ম্যাচেই জস বাটলারের ব্যাট থেকে উঠেছে রানের ঝড়। ইতিমধ্যেই তিনটি শতরান যেমন পেয়ে গিয়েছেন জস বাটলার। তেমনই তাঁর ঝুলিতে রয়েছে দুটো অর্ধশতরানও। এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপও রয়েছে এই ব্রিটিশ তারকার মাথাতেই। আর আইপিএলের প্রথম সাত ম্যাচেই রানের পাহাড়ে পৌঁছে ভেঙে দিলেন ক্রিস গেইলের রেকর্ড। মাত্র সাত ম্যাচ খেলেই জস বাটলারের রান ৪৯১। স্ট্রাইকরেট ১৬১.৫১ এবং গড় ৮১.৮৩।
গতম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রানের ঝড় তুলেছিলেন এই তারকা ক্রিকেটার। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। চার এবং ছয় মিলিয়ে এক ম্যাচেই ১৮টি বাউন্ডারি হাকিয়েছেন জস বাটলার। দিল্লির বিরুদ্ধে ১১৬ রানের বিধ্বংসী ইনিংসটি সাজানো রয়েছে ৯টি ছয় এবং ৯টি চার দিয়ে। দিল্লি ক্যাপিটালসের হারের রাস্তাটা একাই প্রশস্ত করে দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৩২টি ওভার বাউন্ডারি হাকানো হয়ে গিয়েছে। সবে মাত্র সাত ম্যাচ খেলেছে তারা। প্রতিযোগিতায় এই সংখ্যাটা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।
আইপিএলের প্রথম সাত ম্যাচেই ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন জস বাটলার
২০১১ সালে এমন রেকর্ড একমাত্র ছিল ক্রিস গেইলের। সেই মরসমের প্রথম সাত ম্যাচ খেলে ৪৩৬ রান করে রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শতরান করে সেই রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছেন জস বাটলার। সেবার ক্রিস গেইলের ব্যাট থেকে গোটা মরসুমে অবশ্য দেখা গিয়েছিল ২টি সেঞ্চুরী। বাটলার সেই দিকেও এগিয়ে গিয়েছেন।
জস বাটলারের সামনে রয়েছে এখন শুধু মাত্র বিরাট কোহলি। আইপিএসের এক মরসুমে চারটি শতরানের রেকর্ড রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ২০১৬ সাল বিরাট কোহলির কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে সফল মরসুম। চারটি শতরানের সঙ্গে গোটা মরসুমে বিরাট কোহলির রান ছিল ৯৭৩। জস বাটলার যেন এবারের আইপিএলের শুরু থেকেই সেই রেকর্ড ভাঙার জন্য তৈরি হয়ে নেমেছেন। প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বোলারদের মাথা তুলে দাঁড়াতেই দিচ্ছেন না তিনি।
হাতে এখনও সাত ম্যাচ রয়েছে তাঁর। সেখানে দুটো শতরান পেলেই বিরাটের রেকর্ডও ভেঙে দেবেন তিনি। একইসঙ্গে এবার জস বাটলারের লক্ষ্য যেন আইপিএলের মঞ্চে ১০০০ রান করার। আইপিএলের মঞ্চে বাটলার যেমন বিধ্বংসী ফর্মে রয়েছেন, সেই রেকর্ড করে ফেললে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না। এই মুহূর্তে আইপিএলের অরেঞ্জ ক্যাপও রয়েছে জস বাটলারের মাথাতেই।
আইপিএলের এক মরসুমে প্রথম সাতম্যাচে সর্বোচ্চ রান
জস বাটলার – ৪৯১
ক্রিস গেইল – ৪৩৬
গ্লেন ম্যাক্সওয়াল – ৪৩৫
বিরাট কোহলি – ৪৩৩
ডেভিড ওয়ার্নার – ৪০০