ইডেনের এলিমিনেটরের মঞ্চেই লোকেশ রাহুলের আসল পরীক্ষা, মনে করছেন মহম্মদ কাইফ
আপডেট করা - May 25, 2022 3:02 pm

এবারের আইপিএলে গুজরাতের সঙ্গে আরেক নতুন দল হিসাবে এসেছে লখনউ সুপার জায়ান্টস। দুই দলের দুই নতুন অধিনায়ক। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। আইপিএলের প্রথম ম্যাচ বাদ দিলে, বাকি প্রতিটি ম্যাচেই বেশ সফল হয়েছেন লখনউ অধিনায়ক। নেতা হিসাবে যেমন দলকে এগিয়ে নিয়েছে গিয়েছেন, তেমনই ব্যাটার হিসাবেও তাঁর রানের গতি অব্যহত রয়েছে। সেসবই ছিল লিগ পর্বে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের মতে বুধবারই অধিনায়ক এবং ক্রিকেটার লোকেশ রাহুলের সামনে প্রধান পরীক্ষা।
বুধবার আইপিএলের এলিমিনেটর পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে লখনউ সুপার জায়ান্টস। চেষ্টা করলেও শেষপর্যন্ত প্রথম দুই দলের মধ্যে থাকতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। সেজন্যই ফাইনালে পৌঁছনোর রাস্তাটাও বেশ কঠিন তাদের সামনে। এই ম্যাচ হারলেই সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে সঞ্জীব গোয়াঙ্কার এই দলের। আর সেই মঞ্চেই লোকেশ রাহুলের জন্য আসল পরীক্ষা অপেক্ষা করে রয়েছে বলেই মনে করছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। নেতৃত্বের পাশাপাশি এই ম্যাচে রাহুলের ব্যাট থেকে বড় ইনিংস দরকার বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলে জস বাটলারের মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ। যদিও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান রয়েছে লোকেশ রাহুলেরই। এছাড়া গতম্যাচেই রেকর্ড গড়েছেন তিনি। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে টানা পাঁচ মরসুমে ৫০০ রানের গন্ডী টপকেছেন লোকেশ রাহুল। এই মরসুমেও লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে জোড়া সেঞ্চুরী। এতকিছু দেখা সত্ত্বেও লোকেশ রাহুলের পরীক্ষা যে এখনও বাকি রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই মহম্মদ কাইফের।
চলতি আইপিএলে ১৫ ম্যাচে লোকেশ রাহুলের রান ৫৩৮
প্রাক্তন এই তারকা ক্রিকেটারের মতে রান তাড়া করার সময় লোকেশ রাহুলকে বহুবারই চাপে পড়তে দেখা গিয়েছে। যেটা প্রথমে ব্যীটিংয়ের সময় লক্ষ্য করা যায়না। সেই পারফরম্যান্সটাই এবার রান তাড়া করার সময় দেখতে চাইছেন মহম্মদ কাইফ। আর সেজন্যই এই ম্যাচকে লোকেশ রাহুলের সামনে বড় পরীক্ষা বলে মনে করছেন মহম্মদ কাইফ।
স্টার স্পোর্টসে এই প্রসঙ্গে কাইফ জানিয়েছেন, “আমার মনে হয়, লোকেশ রাহুল এই ম্যাচে অধিনায়কোচটিত ইনিংস খেলতে চাইবেন। আর সেজন্যই নিজের কাঁধে অনেক বেশী চাপ নিয়ে ফেলছেন কে এল রাহুল। আমার মতে যখন তুমি ফর্মে রয়েছ, সেই সময় প্রথমে ব্যাটিংয়ের ক্ষেত্রে যেভাবে পারফরম্যান্স প্রদর্শন করছ, কান তাড়া করার সময়ও সেই মনোভাবটাই দেখানো উচিত্। ডিকক তোমার সঙ্গে খেলছেন, সেখানে তাঁর কাজ আক্রমণাত্মক ইনিংস খেলা। কিন্তু রাহুলকে কিন্ত শেষপর্যন্ত খেলতে হবে। রান তাড়া করার সময় বহুক্ষেত্রেই তাঁকে চাপে পড়তে দেখা যাচ্ছে, সেজন্য আউটও হয়ে যেতে হয়েছে লোকেশ রাহুলকে”।
চলতি আইপিএলে দুটো সেঞ্চরির পাশাপাশি তিনটি অর্ধশতরান রয়েছে লোকেশ রাহুলের
মহম্মদ কাইফ আরও জানিয়েছেন, “কিন্তু আমার মতে লোকেশ রাহুল একজন অসাধারণ ব্যাটার। তাঁর ফর্মের পাশাপাশি টেম্পারামেন্ট এবং রান দুইই রয়েছে। এছাড়া শেষপর্যন্ত ব্যাটিং করা ক্ষমতাও রয়েছে। বিভিন্ন ডিরেকশনেই তাঁর শট খেলার দক্ষতা রয়েছে। তিনি শুরুটা খানিকটা ধীরে করলেও, ম্যাচ শেষ করার ক্ষমতা রয়েছে লোকেশ রাহুলের”।
এবারের আইপিএলে ১৫টি ম্যাচে ৫৩৭ রান করেছেন লোকেশ রাহুল। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে দুটো শতরান এবং তিনটি অর্ধশতরান। কিন্তু এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নক আউট পর্বে নামছেন তিনি। সেখানে লোকেশ রাহুল কতটা সফল হন সেটাই দেখার।