আলীগড়ে দরিদ্র ক্রিকেটারদের জন্য স্পোর্টস হোস্টেল নির্মাণ করতে চলেছেন রিঙ্কু সিং

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে শেষ ওভারে ৫ বলে ৫টি ছয় মেরে দলকে জেতানোর মাধ্যমে সকলের নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রতিভাবান মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ৩৩ বলে ৪৬ এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ৩১ বলে অপরাজিত ৫৮ রানের সুন্দর দুটি ইনিংস খেলেছিলেন তিনি। পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে তিনি বড় রান পাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রিঙ্কু এখনও অবধি ৫টি ম্যাচ খেলে ১৭৪ রান করেছেন।

রিঙ্কু সিং আলীগড়ে দরিদ্র ক্রিকেটারদের জন্য একটি স্পোর্টস হোস্টেল তৈরি করবেন বলে ঠিক করেছেন। তিনি নিজে খুবই কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু তিনি চান না বাকিদের তার মতো এত কষ্ট করতে হোক। সেই জন্যই তিনি এই স্পোর্টস হোস্টেলটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আলীগড় ক্রিকেট স্কুল এবং একাডেমিতে এই হোস্টেলটির নির্মাণের কাজ চলছে। এটি ১৫ একর জমি জুড়ে তৈরি হচ্ছে। এটি এই বছরের মে মাস থেকেই চালু হবে বলে আশা করা হচ্ছে। আইপিএলের ১৬ তম সংস্করণের পর রিঙ্কু হোস্টেলটির উদ্বোধন করবেন।

“সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য একটি হোস্টেল তৈরি করতে চেয়েছিল” – মাসুদ-উজ-জাফর আমিনি

রিঙ্কু সিংয়ের শৈশবের কোচ মাসুদ-উজ-জাফর আমিনি বলেছেন যে রিঙ্কু সবসময় এরকম একটি হোস্টেল তৈরি করতে চেয়েছিল। এই হোস্টেলটি থেকে প্রশিক্ষণার্থীরা কি কি সুবিধা পাবেন সেগুলিও তিনি জানিয়েছেন।

নিউজ১৮ মাসুদ-উজ-জাফর আমিনিকে উদ্ধৃত করে, “সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য একটি হোস্টেল তৈরি করতে চেয়েছিল, যাদের তাদের স্বপ্ন পূরণ করার মতো আর্থিক সংস্থান নেই। যেহেতু তিনি এখন আর্থিকভাবে সচ্ছল, তাই তিনি এটিকে বাস্তবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমাদের প্রায় এক ডজন প্রশিক্ষণার্থী হোস্টেলে স্থানান্তরিত হবে। বর্তমানে তারা মোটা ভাড়া প্রদান করে। কিন্তু এখানে তারা সামান্য খরচে ঘর এবং খাবার পাবে। পাশাপাশি, তাদের যাতায়াতের জন্য সময় এবং অর্থও নষ্ট করতে হবে না। প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে। রিংকু আইপিএল থেকে ফিরে আসার পরে এটির উদ্বোধন করবে। আশা করি, এই সুবিধাগুলি এই তরুণদের জীবনকে সহজ করে তুলবে।”

close whatsapp