আরও একটি মাইলফলক ছুঁলেন ঝুলন গোস্বামী, দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ২০০টি ওডিআই খেললেন
সম্প্রতি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২০০টি ওডিআই উইকেট নিয়েছিলেন
আপডেট করা - Mar 19, 2022 11:02 am

বর্ষীয়ান ভারতীয় পেসার ঝুলন গোস্বামী অধিনায়ক মিতালী রাজের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মহিলাদের ওয়ানডেতে ২০০টি ম্যাচ খেললেন। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এ অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ঝুলন তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের ২০০তম একদিনের আন্তর্জাতিকটি খেলছেন।
এদিকে অধিনায়ক মিতালী ভারতের হয়ে তাঁর ২৩০তম ওডিআই খেলছেন। ভারতীয় জুটি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে ছাড়িয়ে গেছেন। ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলে এই রেকর্ডটি এর আগে তাঁর নামে ছিল। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে মিতালী, ঝুলনদের পরেই সবচেয়ে বেশী ওডিআই ম্যাচ খেলেছেন মিগনন ডু প্রিজ। তিনি ১৫০টি ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন।
ভারতের হয়ে পঞ্চম মহিলা বিশ্বকাপ খেলা ঝুলন সম্প্রতি আইসিসি ইভেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি আনিসা মহম্মদকে আউট করে মাইলফলক স্পর্শ করেন। এই অসাধারণ কৃতিত্বের মাধ্যমে, তিনি অস্ট্রেলিয়ার লিন ফুলস্টন (৩৯ উইকেট), ইংল্যান্ডের ক্যারল হজেস (৩৭ উইকেট) এবং ক্লেয়ার টেলর (৩৬) এবং অস্ট্রেলিয়ান ক্যাথরিন ফিটজপ্যাট্রিকের (৩৩) মতো তারকা বোলারসমৃদ্ধ তালিকার সামনের সারিতে আসেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ব্যাটিং ভারতের
কয়েকদিন আগে, ঝুলন বিশ্বকাপ ২০২২-এর খেলায় ইংল্যান্ডের ট্যামি বোমন্টকে আউট করে মহিলাদের ওডিআইতে তাঁর ২৫০তম উইকেট পান। অনিল কুম্বলে (৩৩৪), জাভাগাল শ্রীনাথ (৩১৫), অজিত আগরকর (২৮৮), জাহির খান (২৬৯), হরভজন সিং (২৬৫) এবং কপিল দেব (২৫৩) বিশিষ্ট অভিজাত তালিকায় যোগদান করার সুযোগ পাওয়া ঝুলন সপ্তম ভারতীয় বোলার হিসেবে ওডিআইতে ২৫০ বা তার বেশী উইকেট পান।
চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে তাঁর অভিষেক হওয়ার পর, ঝুলন এখনও পর্যন্ত ১৯৯ ম্যাচে ২১.৮২ গড়ে এবং ৬/৩১-এর সেরা পরিসংখ্যানসহ ২৫০ উইকেট নিয়েছেন। ঝুলন এখনও জানাননি কবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন, তাই তাঁর উইকেটের ঝুলি আরও বাড়বে তা নিঃসন্দেহেই বলে দেওয়া যায়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে টস জেতেন মেগ ল্যানিং এবং ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন। পাওয়ারপ্লের ভিতরেই ভারতের দুটি উইকেট চলে যায় এবং সেখান থেকে ইয়াস্তিকা ভাটিয়া (৮৩ বলে ৫৯) ও মিতালী রাজ (৯৬ বলে ৬৮) ইনিংস স্থিত করেন। দুজনের মধ্যে তৃতীয় উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ হয়। শেষের দিকে হরমনপ্রীত কউর (৪৭ বলে ৫৭*) ও পূজা ভাস্ত্রাকার (২৮ বলে ৩৪) মিলে দ্রুত গতিতে রান করায় ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৭৭/৭ তোলে।