দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্শদীপ সিংকে সবকটি ম্যাচে খেলানোর পরামর্শ ইরফান পাঠানের
আপডেট করা - Jun 5, 2022 5:29 pm

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েই ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যন্স করে এই সিরিজেই ভারতীয় শিবিরে জায়গা করে নিয়েছে বেশ কিছু নতুন মুখ। যাদের মধ্যে অন্যতম হলেন পঞ্জাব কিংসের অর্শদীপ সিং। আর সেই বোলারকে নিয়েই উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা সিরিজেই অর্শদীপ সিংকে খেলানো উচিত্ ভারতীয় চিম ম্যানেজমেন্টের।
আইপিএলের মঞ্চ থেকে তরুণ বোলার হিসাবে এবার সকলের নজর কেড়েছেন উমরান মালিক, অর্শদীপ সিং-রা। সেই মতো ভারতীয় দলে ডাকও পেয়েছেন এই তরুণ ক্রিকেটাররা। আইপিএল শুরু হওয়ার পর থেকেই পঞ্জাবের এই তরুণ বোলার নজর কেড়েছিলেন ইরফান পাঠানের। ভারতীয় দলের হয়ে ২৩ বর্ষীয় অর্শদীপকে দেখার জন্যই মুখিয়ে রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা পেসার। তাঁর মতে যেভাবে ধোনি, হার্দিকদের মতো ব্যাটারদের অর্শদীপ থামিয়ে দিয়েছিলেন, তাতে গোটা সিরিজেই তাঁকে খেলানো উচিত্।
এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের। অন্যান্যদের প্রচির উইকেট তিনি পাননি ঠিকই, কিন্তু ডেথ ওভারে তাঁর বোলিং এবং চাপের মুহূর্তে দলকে জয়ের দিকে এগিয়ে দেওয়ার ক্ষমতাই মুগ্ধ করেছিল ইরফান পাঠান সহ অনেককে। তাঁর এই দক্ষতা গুলোর জন্যই ইরফান পাঠান চান, ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেন অর্শদীপ সিংকে সিরিজের সবকটি ম্যাচেই খেলান।
আইপিএলে ১০ উইকেট থাকলেও, ডেথ ওভারে দুর্ধর্ষ পারফরম্যান্স অর্শদীপ সিংয়ের
এই প্রসঙ্গেই ইরফান পাঠান জানিয়েছেন, “যদি আইপিএলের ম্যাচের সঙ্গে উইকেটের সংখ্যা দেখা যায়, তবে অর্শদীপের সংখ্যা অনেকটাই কম। তবুও নির্বাচকরা তাঁকে দলে সুযোগ করে দিয়েছেন। তার পিছনে অবশ্যই কোনও কারণ রয়েছে। ডেথ ওভারে তারকা ব্যাটারদের থামিয়ে দেওয়ার দক্ষতার পাশাপাশি অসাধারণ ইয়র্ক দেওয়ারও ক্ষমতা রয়েছে তাঁর”।
তিনি আরও জানিয়েছেন, “একজন বাঁ হাতি বোলারকে যখন ভারতীয় স্কোয়াডে নেওয়া হয়েছে নিশ্চই কিছু না কিছু ভেবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মতে তাঁকে সিরিজের সবকটি ম্যাচে খেলানো হোক। কারণ তিনি এমন একজন বোলার যে দলের কঠিন পরিস্থিতিতে সবসময় বোলিং করার জন্য প্রস্তুত থাকেন”।
এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১০টি উইকেট রয়েছে তাঁর। সংখ্যাটা কম হলেও, তাঁর ডেথ ওভারে দুর্ধর্ষ পারফরম্যান্স। আঅপিএলের মঞ্চে তাঁকে তো সকলে ডেথ ওভার স্পেশ্যালিস্ট বলেও ডাকতে শুরু করেছিলেন। ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রিকেটারদের থামিয়ে দিয়েছিলেন ২৩ বর্ষীয় এই অর্শদীপ সিং। ভারতের জার্সিতেও সেই পারফরম্যান্সের ধারা তিনি অব্যহত রাখবেন বলেই মনে করছেন ইরফান পাঠান। সেজন্যই অর্শদীপ কে সবকটি ম্যাচে খেলানোর পরামর্শ ইরফানের।