আইপিএল ২০২৩: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট
আপডেট করা - Apr 28, 2023 4:05 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের নবম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হবে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইপিএলে এখনও পর্যন্ত এই দুই দল ৩১ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। যার মধ্যে ১৭ বার জিতেছে কেকেআর এবং ১৪ বার জিতেছে আরসিবি।
পিচ কন্ডিশন
ইডেন গার্ডেন্সে সাধারণত ব্যাটসম্যানরা বেশি সাহায্য পান। কিন্তু মাঝের ওভারগুলিতে স্পিনাররা এই মাঠে অনেক কার্যকরী হয়ে উঠতে পারেন। এই মাঠে আমরা অনেক বড় রান হতেও দেখেছি আবার অনেক কম রান হতেও দেখেছি। এই পিচে প্ৰথম ইনিংসের গড় রান হল ১৬০ এবং দ্বিতীয় ইনিংসের গড় রান হল ১৪৭। শিশিরের কোনো সমস্যা না থাকায় এবং এই মাঠে প্ৰথম ইনিংসের গড় রান বেশি হওয়ায় টসজয়ী দল চাইলে প্ৰথমে ব্যাটিং করতে পারে।
ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান
এই মাঠে এখনও অবধি ৭৭টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রান তাড়া করা দল ৪৭টি ম্যাচ জিতেছে এবং প্ৰথমে ব্যাটিং করা দল ৩০টি ম্যাচ জিতেছে।
এই মাঠের সর্বোচ্চ স্কোর হল ২০ ওভারে ২ উইকেটে ২৩২ রান। ২০১৯ সালের মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রান করেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সের সর্বনিম্ন স্কোর হল ৯.৪ ওভারে ১০ উইকেটে ৪৯ রান। আইপিএল ২০১৭-তে কেকেআরের বিরুদ্ধে এই রান করেছিল আরসিবি।
ইডেন গার্ডেন্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি এই মাঠে ৪৭টি ইনিংসে ১৪০৭ রান করেছেন। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১১২* (৫৪)। আইপিএল ২০২২-এর প্লেঅফসে লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে রজত পতিদার এই রানটি করেছিলেন। বিরাট কোহলি ২০১৯ সালে এই মাঠে কেকেআরের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রান করেছিলেন।
ইডেন গার্ডেন্সের সবথেকে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন। তিনি এই মাঠে ৪৫টি ম্যাচ খেলে ৫৬টি উইকেট পেয়েছেন। ইডেন গার্ডেন্সে একটি ম্যাচের হিসেবে সেরা বোলিং পরিসংখ্যানও তার নামেই রয়েছে। নারিন ২০১২ সালে কিংস XI পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।