আইপিএল ২০২৩: পান্ত বাদ গেলে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করতে পারে ডেভিড ওয়ার্নারকে
দুর্ঘটনায় চোট পাওয়া পান্তের আইপিএল খেলার সম্ভবনা প্রায় নেই
আপডেট করা - Jan 5, 2023 12:03 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২০২৩ সংস্করণের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্বর দায়িত্ব দেওয়ার বিকল্প নিয়ে চিন্তা করছে দিল্লি ক্যাপিটালস। দলের নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত দিল্লি-দেরাদুন জাতীয় সড়কে ৩০শে ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন। আইপিএলের আগে তাঁর পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। শীঘ্রই দিল্লি ক্যাপিটালসকে তাঁর পরিবর্তে কে অধিনায়ক হবেন তা নির্বাচন করার পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্ব কার হাতে উঠবে তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনটি বিশ্বাসযোগ্য হলে বলা যায় যে অধিনায়কত্বর ভূমিকার জন্য ফ্র্যাঞ্চাইজিটি শীঘ্রই ওয়ার্নারের সঙ্গে কথা বলতে পারে। পাশাপাশি এটাও জানা গেছে যে পান্তের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালস সরফরাজ খানকে গ্লাভস হাতে দায়িত্ব নিতে বলতে পারে।
“পান্ত মিডল অর্ডারের মূল ভিত্তি। আইপিএল দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলবে। মিডল অর্ডারে এখন প্রভাবশালী ভারতীয় ব্যাটার দরকার। কম্বিনেশনের প্রয়োজনে সরফরাজকে উইকেটকিপিং করতে বলা হবে। এদিকে, দলটি এখন একজন দেশীয় উইকেটকিপার বা শক্তিশালী ব্যাটার খুঁজবে,” সূত্রটি জানিয়েছে।
দিল্লি ক্যাপিটালসের দলে বিকল্প উইকেটকিপার হিসেবে ফিল সল্ট আছেন
উল্লেখ্য, গত বছরের ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএল মিনি-নিলামে দিল্লি ক্যাপিটালস ইংল্যান্ডের উইকেটকিপার ফিল সল্টের পরিষেবা সুরক্ষিত করেছিল। যদিও সেই সময়ে তাঁকে একজন পরিবর্ত হিসেবেই ভাবা হচ্ছিল, তবে পান্তের অনুপস্থিতিতে সল্ট প্রথম একাদশের অংশ হয়ে উঠতে পারেন। তবে সেক্ষেত্রে দলের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বিদেশী উইকেটকিপার খেলালে মিচেল মার্শ বা রভম্যান পাওয়েলকে বাদ দিতে হতে পারে। এই দুজনেই বোলিং করতে পারেন, ফলে একটি বোলিং বিকল্প কমে যেতে পারে ক্যাপিটালসের।
এ ছাড়াও মিডল অর্ডারে ঋষভ পান্ত না থাকলে তাঁর বদলি হিসেবে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ধুলের আসন্ন আইপিএল মরসুমে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি রাজ্য দলের অধিনায়কত্ব করা যশ আটটি টি-২০ ম্যাচে ৭২.৬০ গড় ও ১৩১.৫২ স্ট্রাইক রেটে ৩৬৩ রান করেছেন।