টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েব সরে দাঁড়াচ্ছেন বিশ্বকাপের পরেই
বললেন পরিবারের সাথে বেশি সময় কাটাতে চান
আপডেট করা - Oct 7, 2021 11:41 am

আরো একটি পরিবর্তন ভারতীয় শিবিরের অন্দরে। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর ভারতের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েব সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিউজিল্যান্ড নিবাসী ওয়েব এই সিদ্ধান্তের পিছনে কারণ দেখিয়েছেন ভ্রমণজনিত ক্লান্তির। কাজের সূত্রে বছরে পাঁচ থেকে আট মাস তাঁকে বিভিন্ন দেশ ঘুরে বেরাতে হয়। এখন তিনি চাইছেন পরিবার ও কাছের মানুষদের সাথে বেশি সময় কাটাতে।
২০১৯ বিশ্বকাপের পর যখন তৎকালীন দায়িত্বে থাকা শঙ্কর বসুর চুক্তি শেষ হয়ে যায়, তখন বিসিসিআই ওয়েবকে নিযুক্ত করে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তাঁকে বছরের অনেকটা সময় পরিবারের থেকে দূরে থাকতে হয়। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি বড় পোস্ট করে তিনি তাঁর সিদ্ধান্ত বিবৃত করেছেন।
সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না
কোভিড প্রোটোকলের কারণে নিউজিল্যান্ড প্রশাসন স্বাস্থ্যক্ষেত্রে কড়া পদক্ষেপ নিচ্ছে। এমন অবস্থায় ওয়েব পরিবারের পাশে থাকাকেই শ্রেয় মনে করছেন। ইনস্টাগ্রামের বার্তায় তিনি লিখেছেন, “এই সিদ্ধান্তটা একেবারেই সহজ ছিল না নেওয়া। কিন্তু আমার পরিবারের ভালোর কথা আমাকে ভাবতেই হবে। নিউজিল্যান্ডে এই মুহূর্তে কড়া নিষেধাজ্ঞা জারী হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব দেশে ফেরাটা জরুরী।” ভারতীয় ক্রিকেটারদের সাথে কাটানো বেশ কিছু মুহূর্তের ফোটোও তিনি একই পোস্টে শেয়ার করেছেন।
সেই বিবৃতিতে তিনি আরো লেখেন, “ভবিষ্যতে যদিও নিষেধাজ্ঞা কিছুটা লাঘব হবে। কিন্তু বছরের ৫ থেকে ৮ মাস পরিবারের থেকে দূরে থাকা খুবই কষ্টকর। তাই টি-২০ বিশ্বকাপের পরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।”
বিশ্বকাপ জিততে চেষ্টার ত্রূটি রাখব না
ভারত যাতে টি-২০ বিশ্বকাপ জিততে পারে সেই লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। তিনি লেখেন, “আমি জানি না ভবিষ্যতে কী আসতে চলেছে। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত। ভারত যাতে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য আমি চেষ্টার ত্রূটি রাখব না।”
এই দুই বছরের অহিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, “বিগত দুই বছরেরও বেশি সময় জুড়ে এই দলের সাথে জড়িত থাকতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। একটা দল হিসেবে শেষ ক’বছরে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমাদের প্রাপ্য হয়েছে অনেক কিছুই। দল হিসেবে আমরা হেরেছি, জিতেছি, ইতিহাস গড়েছি।”
দলের আরো সুখ্যাতি করে লেখেন, “প্রতিকূলতার মুখে এই দল যেভাবে পারফর্ম করেছে, এবং যেভাবে সবাই প্রত্যেকদিন লড়ে গেছে, নিজেদের সেরাটা দিয়েছে, সেসবই এই দলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।”