ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র এবং যাবতীয় বিবরণ
টি-২০তে দুই দলের শেষ সাক্ষাতে ২-২ সমতায় সিরিজ শেষ হয়েছিল
আপডেট করা - Sep 26, 2022 5:37 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সফল টি-২০ সিরিজের পর, ভারত এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে নামবে। মেন ইন ব্লু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা সম্প্রতি ২০ ওভারের ফর্ম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি ২০২২ ক্যালেন্ডার বর্ষে রেকর্ডসংখ্যক ২১টি জয়ও অর্জন করেছে। প্রোটিয়ারা শেষবার ভারত সফর করেছিল জুনে, যেখানে সিরিজটি ২-২ সমতায় শেষ হয়েছিল।
দক্ষিণ আফ্রিকাও সম্প্রতি ভালো ফর্মে রয়েছে, তাদের খেলা শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জিতেছে। জুলাইয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় তারা। চলমান ক্যালেন্ডার বর্ষে এই দুই দল তৃতীয়বারের মতো মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকা টি-২০ ও ওডিআই উভয় সিরিজের জন্যই দল ঘোষণা করলেও, ভারত এখনও ওডিআই স্কোয়াড ঘোষণা করেনি। টি-টোয়েন্টির জন্য ভারতীয় দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, যেখানে প্রোটিয়াদের দায়িত্বে থাকবেন তেম্বা বাভুমা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ যত কাছে এগিয়ে আসছে তত দলগুলি প্রস্তুতি তীব্র করছে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ সম্পর্কে বিস্তারিতভাবে জানুন
স্কোয়াড
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ্।
দক্ষিণ আফ্রিকা: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি ঙ্গিডি, অনরিখ নর্কিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রাইলি রসৌ, ট্রিস্টান স্টাবস, বিয়র্ন ফর্টুইন, মার্কো য়্যানসেন, আন্দিলে ফেহলুকওয়ায়ো।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের সূচী
| ম্যাচ | তারিখ ও দিন | সময় | কেন্দ্র |
| ১ম টি-২০ | সেপ্টেম্বর ২৮, বুধবার | সন্ধ্যা ৭:০০ | গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, থিরুভানান্তাপুরম |
| ২য় টি-২০ | অক্টোবর ২, রবিবার | সন্ধ্যা ৭:০০ | বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি |
| ৩য় টি-২০ | অক্টোবর ৪, মঙ্গলবার | সন্ধ্যা ৭:০০ | হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর |
সম্প্রচার বিবরণ
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার