রাহুল স্বীকার করলেন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার সূর্যকুমারের পাওয়া উচিত ছিল
কেএল রাহুল ২৭ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন
আপডেট করা - Oct 3, 2022 11:08 am

রবিবার সন্ধ্যায় ভারত ইতিহাস রচনা করেছিল যখন মেন ইন ব্লু দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল এবং চারবার প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলার পরে অবশেষে একটি সিরিজ জেতে। ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছিল এবং প্রথম ইনিংসে বিশাল ২৩৭/৩ তোলে। যদিও ম্যাচের শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে কেএল রাহুল অবাক হয়েছিলেন।
রাহুল মনে করেছেন যে সূর্যকুমার যাদব এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তার কারণ তিনি অতিদ্রুত ২২ বলে ৬১ রানের একটি ইনিংস খেলেছিলেন। তাঁর ওই ইনিংস ভারতকে তাদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ টি-২০ স্কোরে পৌঁছতে সাহায্য করেছিল। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে রান আউট হওয়ার আগে সূর্যকুমার দক্ষিণ আফ্রিকার কোন বোলারকেই রেয়াত করেননি।
“ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে আমি অবাক হয়েছি, এটা সূর্যর পাওয়া উচিত ছিল। সে খেলা বদলে দিয়েছে। মিডল অর্ডারে ব্যাট করার পরে, আমি বুঝতে পেরেছি যে এটা কঠিন। ডিকে প্রায় সময় খেলার জন্য খুব বেশী বল পায় না এবং তা সত্ত্বেও সে অসাধারণ ছিল, এ ছাড়া সূর্য ও বিরাটও অনবদ্য ছিল,” কেএল রাহুল পুরষ্কার পাওয়ার পরে ম্যাচ-পরবর্তী উপস্থাপনার সময় বলেছেন।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা একটি রান-বহুল ম্যাচে জড়িত ছিল
ভারতের হয়ে কেবল সূর্যকুমার যাদব ও কেএল রাহুলই অবদান রাখেননি। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে খেলতে পাঁচ ব্যাটারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেএল রাহুল প্রথম থেকেই আগ্রাসন দেখিয়েছিলেন এবং প্রথম ম্যাচের মন্থর হাফ সেঞ্চুরির পরে দ্বিতীয় ম্যাচে একটি বিস্ফোরক ২৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন।
সিনিয়র ব্যাটার বিরাট কোহলির সাথে সূর্যকুমার যাদব খেলা এগিয়ে নিয়ে যাওয়ার আগে রাহুল ও রোহিত শর্মা ৯৮ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির মধ্যে ১০২ রানের পার্টনারশিপ এসেছিল মাত্র ৬.৪ ওভারে। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরুতে ধাক্কা খেলেও ডেভিড মিলার ও কুইন্টন ডি কক নিয়মিত চার ও ছয় মেরে দলের জয়ের আশা উজ্জীবিত রাখছিলেন। যদিও শেষ অবধি মিলারের সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার জন্য যথেষ্ট ছিল না।