ভারত-নিউজিল্যান্ড ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল
আপডেট করা - Oct 28, 2021 3:36 pm

ভারত এবং নিউজিল্যান্ড দুটি দলই পাকিস্তানের কাছে হারায় রবিবারের ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল ম্যাচ। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই ম্যাচে যে জিতবে সেই দলই সেমিফাইনালে পৌঁছবে। কারণ, পয়েন্টের বিচারে সেই দলের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে।
গ্রুপ বি-তে যে ছটি দল রয়েছে তার মধ্যে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে বাদ দিলে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া রয়েছে। তাই যদি ধরেই নেওয়া হয় ভারত এবং নিউজিল্যান্ড তিনটি দল আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারিয়ে দেবে, সেই অঙ্কের বিচারে ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে কোহলিদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। আর নিউজিল্যান্ড জিতলেও কেন উইলিয়ামসনদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮। তাই যে হারবে তার এবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা কার্যত শেষ। যদি কোনও বড় অঘটন না ঘটে।
হিসেব অনুযায়ী, নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। বাবর আজমরা এই ম্যাচ জেতায় কিছুটা সুবিধা হল ভারতেরও ৷ কারণ নিউজিল্যান্ড জিতলে এই গ্রুপের অঙ্কটা আরও কঠিন হওয়ার সম্ভাবনা ছিল ৷ আপাতত যা অবস্থা, তাতে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচই গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ৷
এ বারের বিশ্বকাপে রাতের দিকে শিশির পড়ায় টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আফগানিস্তান, স্কটল্যান্ড বা নামিবিয়া বাকি তিন দলের যে কেউ অঘটন ঘটালেই বদলে যেতে পারে গ্রুপের ছবি। তবে রবিবারের ম্যাচে ভারতের প্রথম একাদশে ২ অথবা ৩ ক্রিকেটার পরিবর্তন হতে পারে। সম্ভাবনা প্রবল রবিচন্দন অশ্বিন এবং সার্দুল ঠাকুরের প্রথম একাদশে আসা।