‘ক্রিকেটের চেয়ে পিচ নিয়ে বেশী কথা হওয়া দুঃখজনক’ – হতাশ হরভজন সিং
জল্পনা শুরু হয়েছে যে ভারত নাগপুরে বিশেষভাবে স্পিন-সহায়ক পিচ তৈরী করছে
আপডেট করা - Feb 8, 2023 2:25 pm

বর্ডার-গাভাস্কার ট্রফি যত কাছাকাছি আসছে, ততই প্রথম টেস্টের জন্য ব্যবহৃত পিচটিকে ঘিরে আলোচনা বেড়ে চলেছে। নাগপুরে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ভারত, তখন প্রত্যাশিতভাবেই স্বাগতিক দলের জন্য সুবিধাজনক পিচকেই সমর্থন করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টের আগে জল্পনা শুরু হয়েছে যে এই ম্যাচের জন্য ব্যবহৃত পিচটিকে বিশেষ পদ্ধতিতে তৈরী করা হচ্ছে। বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, পিচের মাঝের অংশেই কেবল জল দেওয়া হচ্ছে এবং ফুল লেংথের অংশ শুকনো রাখা হচ্ছে। শুধু তাই নয়, পিচে রোলার এমনভাবে চালানো হচ্ছে যাতে বাঁ-হাতের ব্যাটারদের অফ স্টাম্প অতিরিক্ত ভাঙনযুক্ত হয়।
কিংবদন্তী ভারতীয় স্পিনার হরভজন সিং মতামত দিয়েছেন যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ বিশ্বের সবচেয়ে প্রত্যাশিত সিরিজগুলির মধ্যে একটি। কিন্তু ক্রিকেটীয় আলোচনার চেয়ে কোন পিচে খেলা হবে, তা আলোচনার কেন্দ্র হয়ে উঠছে। পিচকে কেন্দ্র করে যে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভাজ্জি টুইটারে লিখেছেন, “আমার মনে হয় ভারত বনাম অস্ট্রেলিয়া সবচেয়ে বড় টেস্ট সিরিজ। কিন্তু দুঃখের বিষয়, ক্রিকেটের চেয়ে পিচ নিয়ে বেশী কথা হচ্ছে। #Savetestcricket।”
India vs Australia is the biggest test series I think. But sadly pitches make more noise thn test Cricket . #Savetestcricket https://t.co/V6EU2O8m1F
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 8, 2023
পিচ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা
নাগপুরে প্রথম টেস্টের জন্য প্রস্তুত করা পিচ দেখার পর থেকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। প্রথম ম্যাচের জন্য ব্যবহৃত পিচকে ঘিরে অনেক প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকাই মন্তব্য করেছেন। ইয়ান হিলির মতো প্রাক্তনরা বলেছেন ভারত যদি স্বচ্ছ পিচ তৈরী করে তবে অস্ট্রেলিয়াই সিরিজটি জিতবে।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পি SEN WA Breakfast-কে বলেছেন, “আমি মনে করি ভারতীয় কিউরেটররা ভারতের সুবিধার জন্য একটি উপায় খুঁজছেন। তাঁরা সম্ভবত মনে করেন যে স্পিন একটি বিশাল ভূমিকা পালন করবে এবং অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হবে তাদের নিজেদের শক্তিতে খেলা।”
“যদি তারা মনে করে যে এটি সঠিক নয়, তবে আইসিসির উচিৎ এ বিষয়ে কিছু করা। যদি তারা মনে করে যে পিচটি সঠিক নয়, তাহলে খেলাটিতে আইসিসির একজন রেফারি থাকবেন এবং আইসিসি এই খেলাটি দেখবে। কিন্তু ভারতের ক্ষেত্রে এমন অনেক কিছু নিয়েই আলোচনা হয়, তবে কিছুই ঘটে না শেষ অবধি,” প্রাক্তন ক্রিকেটার সাইমন ও’ডোনেল বলেছেন।