তাঁর ক্যাচ ফস্কানোর দামই দিতে হয়েছে ভারতকে, আত্মবিশ্বাসের সুর ফান ডার ডুসেনের গলায়
আপডেট করা - Jun 10, 2022 11:43 am

ভারতের বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। বৃহস্পতিবার সেটাই করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে প্রোটিয়া বাহিনী। ভারত বিরাট রানের পাহাড় গড়ে তুললেও, শেষরক্ষা হয়নি। শেষ চার ওভারে রাসি ফান ডার ডুসেনে বিধ্বংসী ইনিংসে ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। আর জয়ের পথে শ্রেয়স আইয়ারের ক্যাচ ফস্কানোটাই যে তাঁকে সবচেয়ে বেশী সাহায্য করেছিল তা বলতে দ্বিধা নেই রাসি ফান ডার ডুসেনের।
১৬ ওভারের মাথাতেই বাউন্ডারি লাইনে রাসি ফান ডার ডুসেনের ক্যাচ মিস করেছিলেন শ্রেয়স আইয়ার। এমন পরিস্থিতিতে তাঁর ক্যাচ মিসের দাম যে ভারতকে চোকাতে হত, তা বলতে কোনওরকম দ্বিধা করেননি প্রোটিয়াদের জয়ের নায়ক রাসি ফান ডার ডুসেন। সেই ক্যাচ মিসের পর থেকেই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। আর তাতেই ভারতের জয়ের সমস্ত স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল। ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা যে প্রথম থেকেই এগিয়ে ছিল তা বলা যায়না। বরং ৮১ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী। ডেভিড মিলারের সঙ্গে সেই সময়ই মাঠে ছিলেন রাসি ফান ডার ডুসেন। কিন্তু তাঁর খানিকটা ধীর গতির ব্যাটিং সেই মুহূর্তে চাপ যে আরও বাড়িয়েছিল, তাও বলতে কোনওরকম দ্বিধা নেই ফান ডার ডুসেনের। একসময় তাঁর রান ছিল ৩০ বলে ২৯। তাতে মিলারের ওপরও খানিকটা চাপ তৈরি হচ্ছিল বলেই মনে করেন তিনি।
৪৬ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাসি ফান ডার ডুসেন
এই সময়ই বড় শট নিতে গিয়ে বাউন্ডারি লাইনে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ যায়। কিন্তু রাসি ফান ডার ডুসেনের ক্যাচ মিস করেন শ্রেয়স। আর সেটাই যে তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি করেছিল, এবং ম্যাচের টার্নিং পয়েন্ট তা মেনে নিচ্ছেন ফান ডার ডুসেন। সেই ক্যাচ মিসের দামই দিতে হয়েছে ভারতকে। মনে করেন ফান ডার ডুসেন।
ম্যাচ শেষে ফান ডার ডুসেন জানিয়েছেন, “আমার কাছে ম্যাচ জয়ের প্রধান চাবিকাঠি হল শ্রেয়স আইয়ারের সেই ক্যাচ মিস। আমি জানতাম যে এর দাম ভারতকে চোকাতেই হবে। আমি বেশকিছু ভাল বল যেমন পেয়েছিলাম, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে উইকেট থেকেও বহু সুবিধা পেয়েছি। কঠিন হলেও, আমি জানতাম তাদেরকে এর দাম দিতেই হবে”।
১৬ ওভারের মাথায় রাসি ফান ডার ডুসেনের ক্যাচ যখন ফস্কান শ্রেয়স আইয়ার, সেই সময় তাঁর রান ছিল ৩০ বলে ২৯। সেই পরিস্থিতিতে বেঁচে যাওয়ার পরই যেন বদলে গিয়েছিল গোটা চিত্রটা। শুরুতে বেশ খানিকটা ধীর গতিতে খেলা ফান ডার ডুসেন, হঠাত্ই বিধ্বংসী ইনিংস খেলা শুরু করে। শেষ চার ওভারে ম্যাচের রং একাই বদলে দেন। শেষ ১৫ টা বলেই যেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন ফান ডার ডুসেন।
একসময় ৩০ বলে ২৯ রানে দাঁড়িয়ে থাকা রাসি ফান ডার ডুসেন যখন ম্যাচ শেষ করেন, সেই সময় তাঁর রান ৪৬ বলে ৭৫ রান। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৪টি চার ও ৫টি ওভার বাউন্ডারি দিয়ে। এই ধারাই এখন গোটা সিরিজে ধরে রাখতে চান রাসি ফান ডার ডুসেন।