বাবার সন্দেহ ছিল ছেলে হয়তো যোগ্য নন, জাতীয় দলে সুযোগ পেয়ে জানালেন মুকেশ কুমার
জাতীয় দলে ডাক পেয়ে প্রয়াত বাবার কথা স্মরণ করলেন মুকেশ
আপডেট করা - Oct 3, 2022 1:26 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য ডাক পাওয়ার পর বাংলার পেসার মুকেশ কুমার আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাব্য অভিষেকের জন্য অত্যন্ত উত্তেজিত। এই খবরটি পেয়ে সিমার খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যদিও তিনি এই খবরটি সরাসরি পাননি। টিম ইন্ডিয়ার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন তাঁকে যুক্ত করা হয়েছিল তখনই তিনি জানতে পেরেছিলেন জাতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি বিষয়ে।
জিম্বাবোয়ে সিরিজের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজেও শিখর ধাওয়ানকে অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছে। ২৮ বছর বয়সী পেসার সম্ভবত জাতীয় দলে অভিষেকের সুযোগ পাবেন। মুকেশ গত মাসে নিউজিল্যান্ড ‘এ’-এর বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে খেলেছিলেন এবং একজন সিমার হিসাবে নতুন বলে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন।
আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম: মুকেশ কুমার
তিনি নিউজিল্যান্ড ‘এ’-এর বিরুদ্ধে প্রথম বেসরকারী টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং ইরানি কাপ ২০২২-এর প্রথম দিনে সৌরাষ্ট্রর বিরুদ্ধে চার উইকেট নেন৷ ২০১৯-২০ রঞ্জি ট্রফি ফাইনালের আগে পেসার তাঁর বাবাকে ব্রেন স্ট্রোকের কারণে হারিয়েছিলেন। দেশের জার্সিতে ছেলেকে খেলতে দেখে যেতে না পারলেও মুকেশ ভারতীয় দলে সুযোগ পাওয়ার অব্যবহিত পরেই স্মরণ করেছেন তাঁর বাবাকে। মারা যাওয়ার আগে তাঁর বাবা কী বলেছিলেন, সেই নিয়ে খোলাখুলি কথা বলেছেন মুকেশ।
“আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পুরোটাই ঝাপসা হয়ে গিয়েছিল। আমি শুধু আমার বাবা প্রয়াত কাশী নাথ সিংয়ের মুখের কথাই মনে করতে পারছিলাম। যতক্ষণ না আমি বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেছি আমার বাবা মনে করেনি যে আমি পেশাদারভাবে ভালো করতে সক্ষম। উনকো শাক থা কি ম্যায় কাবিল হুঁ ভি ইয়া না (তিনি সন্দেহ করেছিলেন যে আমি যথেষ্ট ভালো ছিলাম কি না),” মুকেশ পিটিআইকে বলেছেন।
সিমার যোগ করেছেন জাতীয় দলে ডাক পাওয়ার পরে বাড়ির সবাই আনন্দিত হলেও পরিবারের মধ্যে বেশ আবেগপ্রবণ মনোভাবও ছিল। তিনি বলেছেন, “আজ আমার মায়ের চোখে জল ছিল। তিনি খুব আবেগপ্রবণ ছিলেন। বাড়ির সবাই কাঁদতে শুরু করে। আমায় মাঠে খেলতে দেখার চেয়ে আমার মা আমাকে সফল হিসেবে দেখতে বেশী পছন্দ করবে।”
প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দলে মুকেশ কুমার ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মুখ রজত পাটিদারকে।