জাতীয় দলে প্রথমবারের জন্য ডাক পেলেন জিতেশ শর্মা, চোটের জন্য বাদ সঞ্জু স্যামসন

প্রথম টি-২০তে ৫ রান করে আউট হন স্যামসন

Jitesh Sharma
Jitesh Sharma. (Photo Source: IPL/BCCI)

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন, বিসিসিআই নিশ্চিত করেছে। ৫ই জানুয়ারি, শুক্রবার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ম্যাচের আগে জিতেশ শর্মাকে তাঁর পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রথম টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে চলাকালীন ফিল্ডিং করার সময় স্যামসন তাঁর হাঁটুতে চোট পান। বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে কেরালার ক্রিকেটারের চোট কতটা গুরুতর তা নির্ধারণের জন্য তাঁর স্ক্যান করানো হবে। ব্যাট হাতে ২০২৩-এর শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের অধিনায়কের। মুম্বাইয়ে আয়োজিত প্রথম টি-২০তে ধনঞ্জয়া ডি সিলভার বলে ছক্কা হাঁকাতে গিয়ে মিসহিট হওয়ায় ছয় বলে মাত্র পাঁচ রান করে আউট হয়েছিলেন স্যামসন।

“স্ক্যানের জন্য স্যামসন মুম্বাইতে রয়েছেন। হ্যাঁ, জিতেশ দলে যোগ দিচ্ছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে তাঁর পারফর্ম্যান্সের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে,” বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে।

মেন ইন ব্লু-র পক্ষ থেকে আরও যোগ করা হয়েছে যে বিদর্ভর উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা শেষ দুটি ম্যাচের জন্য বিস্ফোরক ব্যাটার ঈশান কিষানের কভার হিসাবে কাজ থাকবেন। অন্যদিকে, স্যামসন চোট পাওয়ায় প্রথমবারের জন্য জাতীয় দলে উপস্থিত হওয়ার দরজা খুলে যেতে পারে রাহুল ত্রিপাঠীর।

টিম ইন্ডিয়ার লক্ষ্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজ দখল করা

মুম্বাইতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শেষ বলে রোমাঞ্চকর জয়ের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল বর্তমানে দ্বীপরাষ্ট্রর বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। জয়ের ছন্দ ধরে রেখে ভারতীয় দল বৃহস্পতিবারের ম্যাচেই সিরিজ দখলে নেওয়ার লক্ষ্যে থাকবে। 

অন্যদিকে, আগের ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হলেও দাসুন শানাকা এবং তাঁর সতীর্থদের খুব বেশী হতাশ হওয়ার কথা নয়। টপ অর্ডারের থেকে খানিক বেশী অবদান এলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারতেন তাঁরা। লোয়ার অর্ডার ব্যাটার ও স্পিনারদের পারফর্ম্যান্স আত্মবিশ্বাস যোগাবে শ্রীলঙ্কাকে। 

শেষ দুটি টি-টোয়েন্টির জন্য ভারতের পরিবর্তিত স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল , আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

close whatsapp