ভারত বনাম অস্ট্রেলিয়া: দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

সিরিজে টিঁকে থাকতে হলে নাগপুরে জিততেই হবে ভারতকে

Australia Win
Team Australia. (Image Source: Twitter)

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মোহালিতে প্রথম ম্যাচে ভারতের বোলারদের ব্যর্থতায় ২০৯ রানের বড় লক্ষ্য জয়ের জন্য যথেষ্ট হয়নি এবং চার বল বাকি থাকতে সফরকারীরা লক্ষ্য অতিক্রম করেছিল। দ্বিতীয় ম্যাচের আগে ভারতকে তাদের বোলিং শোধরাতেই হবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে নাগপুরে।

ভারতের হয়ে চোট কাটিয়ে ফেরা হর্ষল প্যাটেলের প্রত্যাবর্তন সুখকর হয়নি এবং তিনি চার ওভারে ৪৯ রান দেন। অন্যদিকে, ভুবনেশ্বর কুমারের ডেথ বোলিং নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে। কোহলি ও রোহিত রান না পাওয়া সত্ত্বেও দল ২০০ অতিক্রম করায় ব্যাটারদের নিয়ে চিন্তা কম।

অস্ট্রেলিয়ার জন্য একটি প্রায় আদর্শ ম্যাচ ছিল মোহালির টি-টোয়েন্টি। ওপেনার হিসাবে ক্যামেরন গ্রিনকে খেলানো সফল প্রমাণিত হয়েছে এবং অলরাউন্ডার কেরিয়ারের শুরুতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। টিম ডেভিডকে অনেক প্রত্যাশা থাকলেও তিনি বিশেষ কিছু করতে পারেননি। কামিন্সের ফর্ম নিয়ে চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট।

পিচ রিপোর্ট

যদিও নাগপুর পিচ ব্যাটিংয়ের জন্য ভালো, তবে এখানে স্পিনাররা সাহায্য পেতে পারেন। টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে বলে আশা করা হচ্ছে। টসজয়ী দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

দ্বিতীয় ম্যাচেও ভারত পরীক্ষানিরীক্ষা অব্যাহত রাখবে আশা করা হচ্ছে। অক্ষর প্যাটেল প্রথম ম্যাচে সফল হওয়ায় স্পিনার হিসাবে তাঁকে রেখে দেওয়া হতে পারে এবং বাদ যেতে পারেন যুজবেন্দ্র চাহাল। একাদশে প্রত্যাবর্তন হতে চলেছে জসপ্রিত বুমরাহর।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ্‌, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পা বাদ দিয়ে দলের বাকিরা আগের ম্যাচে কোন না কোন উপায়ে অবদান রেখেছিলেন। দুজনেই অভিজ্ঞ বোলার এবং নাগপুরে ফর্ম ফিরে পাবেন বলে আশা করা যায়। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নামাতে পারে।

সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।

ভারত বনাম অস্ট্রেলিয়া হেড-টু-হেড

ম্যাচ – ২৪ | ভারত – ১৩ | অস্ট্রেলিয়া – ১০ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২৩শে সেপ্টেম্বর, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp