“এখন পর্যন্ত যা দেখেছি তাতে বেশ মুগ্ধ” – সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং কোচ ব্রায়ান লারা ব্যাটিং বিভাগ নিয়ে সন্তুষ্ট
লারা মনে করেন তরুণদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ
আপডেট করা - Mar 16, 2022 11:59 am

সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) ব্যাটিং কোচ এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরসুম নিয়ে উচ্ছ্বসিত। ৫২ বছর বয়সী হায়দ্রাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের সাথে একটি প্রশিক্ষণের সময় কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং দল সম্পর্কে তাঁর মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছেন।
ব্রায়ান লারা চান এসআরএইচ ব্যাটাররা তাঁদের ভূমিকা এবং দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুক। তিনি বিশ্বাস করেন চিন্তা প্রক্রিয়ার এই স্বচ্ছতা অবশ্যই দলের সেরাটা বের করে আনবে।
ইউটিউবে সানরাইজার্স হায়দ্রাবাদের পোস্ট করা একটি ভিডিওতে, ব্রায়ান লারাকে আসন্ন আইপিএল মরসুমে তাঁর চিন্তাভাবনা প্রকাশ করতে দেখা গেছে। তিনি বলেছেন, “আসন্ন মরসুমের সম্ভাবনা নিয়ে খুবই উচ্ছ্বসিত। দলের ব্যাটিং বিভাগের পরিপ্রেক্ষিতে বলতে গেলে, আমি চাই আমাদের ধারাবাহিক ছন্দ থাকুক যেখানে আমরা দল হিসেবে খেলি এবং ওপেনারদের একটা নির্দিষ্ট কাজ আছে। ৩, ৪, ৫ নম্বর থেকে শুরু করে শেষ অবধি আমরা জানি কার থেকে কতোটা আশা করা যায় এবং কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে।”
ব্যাটারদের থেকে বিচক্ষণতা আশা করছেন ব্রায়ান লারা
এখনও পর্যন্ত, হায়দ্রাবাদের ব্যাটারদের নেটে যা দেখেছেন তাতে মুগ্ধ হয়েছেন লারা। যদিও তারা আক্রমণাত্মক ছিল, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী চান যে তারা নেটে ব্যাটিং করার সময়ও বিচক্ষণ ব্যাটিং করার অভ্যাস গড়ে তুলুক। তিনি মতামত দিয়েছেন, “এই সমস্ত তরুণদের একজোট করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। নেটে প্রচুর আগ্রাসন বেশ ভালো দেখায় কিন্তু মাঠে নামলে এই আগ্রাসনের সঙ্গে বিচক্ষণতাও দেখতে চাই। ”
লারা মনে করেন যে ব্যাটাররা যদি নেটে বুদ্ধির প্রয়োগ দেখায় তবে এটি তাদের মাঠে বিশ্বমানের বোলারদের মোকাবিলা করতে সহায়তা করবে। ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রাক্তন ব্যাটার যোগ করেছেন, “নেট বোলারকে খেলা এক ব্যাপার কিন্তু টুর্নামেন্ট শুরু হলে আপনার সামনে বিশ্বমানের বোলার থাকে, তাই নেটেও আপনার সেই মানসিকতা থাকা দরকার। আমি এখন পর্যন্ত যা দেখেছি তাতে বেশ মুগ্ধ।”
২৯শে মার্চ পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স তাদের আইপিএল ২০২২ অভিযান শুরু করবে।