‘জায়গামতো বল না করলে ১৫৬ কিমির বল ব্যাট থেকে ২৫৬ কিমিতে বেরিয়ে রান হবে’ – উমরানের জন্য শাস্ত্রীর পরামর্শ
উমরানের তীব্র পেসের ব্যবহার মাঝেমধ্যে করা উচিত বলে মনে করেন শাস্ত্রী
আপডেট করা - May 8, 2022 11:02 pm

ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী তরুণ স্পিডস্টার উমরান মালিককে একটি মূল্যবান পরামর্শ দিয়েছেন। উমরান নিয়মিত ১৫০ কিমি প্রতি ঘণ্টায় ডেলিভারি করার জন্য চলতি মরসুমে লাইমলাইট দখল করেছেন। উমরান তাঁর তীব্র পেসের কারণে অনেককে মুগ্ধ করেছিলেন। তাঁর গতিতে বেশ কিছু ব্যাটারকে বেসামাল হতে দেখে অনেক প্রাক্তন ক্রিকেটার এবং সমালোচকরা তাঁকে শীঘ্রই ভারতের হয়ে অভিষেক করতে দেখার দাবি জানিয়েছেন।
শাস্ত্রী বলেছিলেন যে উমরান শীঘ্রই ভারতের হয়ে খেলবেন তবে তাকে সঠিক জায়গায় ১৫৬-১৫৭ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করা নিশ্চিত করতে হবে কারণ তীব্র গতি তাঁর জন্য ক্ষতিকরও হতে পারে বলে মনে করেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ।
“সে খুব শীঘ্রই ভারতের হয়ে খেলবে কিন্তু সে যদি ঠিকভাবে না করে তবে ১৫৬ কিমির বল ব্যাট থেকে ২৫৬ কিমির গতিতে বেরিয়ে রানে হবে। আর ঠিক তাই হচ্ছে। গতি ভালোই আছে, কিন্তু তাকে এটা মাথায় রাখতে হবে যে সঠিক জায়গায় ডেলিভারিটি করতে হবে। অন্যথায়, নিজেকে ধরে রাখো এবং ব্যাটারকে অবাক করার জন্য মাঝেমধ্যে তীব্র পেস ব্যবহার করো। এই ধরনের ভাবনা নিয়ে মাঠে নামা উচিত,” শাস্ত্রী স্টার স্পোর্টসে বলেছেন।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে উমরান ১৫৭ কিমি ঘণ্টা গতিতে বল করেছিলেন যা টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয়দের দ্বারা সবচেয়ে দ্রুততম বল। জম্মু ও কাশ্মীরের পেসার গত বছর আইপিএলে তাঁর প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছিলেন যখন টি নটরাজন কোভিড পজিটিভ হওয়ার পরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিলেন। মালিক সেই সময়ে এসআরএইচের নেট বোলার ছিলেন, এবং তাঁকে বাঁহাতি সিমারের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল। অভিষেকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর বেশ কিছু ডেলিভারির মাধ্যমে সরাসরি প্রভাব ফেলেছিলেন।
ক্রমশ মন্থর হতে থাকা পিচে অতিরিক্ত গতির কোন প্রভাব থাকবে না বলে মনে করেন শাস্ত্রী
তিনি তাঁর অভিষেক মরসুমে একটি সংক্ষিপ্ত সময়কালে এসআরএইচ ম্যানেজমেন্টকে প্রভাবিত করেছিলেন এবং তারা বেশ কিছু তারকা খেলোয়াড়কে আইপিএল ২০২২-এর নিলামের আগে ছেড়ে দিলেও উমরানকে ধরে রাখার সিদ্ধান্ত নেয়।
শাস্ত্রী মনে করেন যে কোন বোলার দিশাসহ বোলিং না করলে টি-২০ ফর্ম্যাটে ১৫৭ কিমি গতিতে বোলিং করা খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
“যদি জায়গামতো বল না করতে পারে, তবে অনেক রান দেবে। জোরে বল ব্যাটে লাগলে ২৫০ থেকে ৩০০ গতিতে যাবে! টুর্নামেন্ট যত এগোবে পিচগুলি তত ধীর হয়ে যাবে এবং এটি এখন আরও ব্যাটিং-বান্ধব হয়ে উঠেছে তাই সঠিকভাবে পেস ব্যবহার করতে হবে। আমি মিডিয়ায় দেখছি এবং সর্বত্র এই ১৫৬, ১৫৭ নিয়ে কথা হচ্ছে – এই ফর্ম্যাটে এটি কোন ব্যাপার না,” তিনি বলেছেন।