সিএসকে বনাম জিটি ম্যাচে প্রতি ডট বলের জন্য ৫০০টি গাছ লাগাবে বিসিসিআই

CSKvsGT
CSKvsGT. (Photo Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের প্লেঅফসের প্ৰথম ম্যাচে এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হয়েছে। আইপিএল ২০২৩-এর প্লেঅফসের প্রতি ডট বলের জন্য ৫০০টি করে গাছ লাগাবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সম্প্রচারকারীরা সিএসকে বনাম জিটি ম্যাচে ডট বলের জায়গায় একটি গাছের চিহ্নের ব্যবহার করছে। আমরা এই মরসুমের প্লেঅফসের সবকটি ম্যাচেই এই জিনিসটি দেখতে পাব।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শুরু হওয়ার পর প্রথমেই একটি জীবনদান পান সিএসকের প্রতিভাবান ওপেনার রুতুরাজ গায়কওয়াড়। নো বল হওয়ার কারণে তিনি আউট হওয়া থেকে বেঁচে যান। তবে তারপরে তিনি অসাধারণ ফর্মের সাথে ব্যাটিং করেছেন। তিনি এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তিনি ৭টি চার এবং ১টি ছয় সহ ৪৪ বলে ৬০ রান করে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে মিলে শুরুটা খুব ভালোভাবে করেন। তারা দুজনে মিলে ওপেনিং জুটিতে ৮৭ রানের পার্টনারশিপ করেন। কনওয়ে এই ম্যাচে খুব বেশি বড় শট খেলতে পারেননি। তার ৩৪ বলে ৪০ রানের ইনিংসে একটিও ছয় ছিল না, তবে তিনি ৪টি চার মেরেছিলেন। তিনি মহম্মদ শামির বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

প্ৰথমে ব্যাটিং করে ১৭২ রান করল চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ের পার্টনারশিপটি ছাড়া আর কোনো বড় পার্টনারশিপ করতে পারেনি সিএসকে। শিবম দুবে এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। তিনি বড় শট খেলতে গিয়ে নূর আহমেদের বলে বোল্ড হন। তিনি ৩ বলে মাত্র ১ রান করেন।

অজিঙ্কা রাহানে এবং আম্বাতি রায়ডু শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। রাহানে এবং রায়ডু যথাক্রমে ১০ বলে ১৭ রান এবং ৯ বলে ১৭ রান করেন। এমএস ধোনি এই ম্যাচে মাত্র ১ রান করতে সক্ষম হয়েছেন। জাদেজা ১৬ বলে ২২ রান করেন। মঈন আলি ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। সিএসকে স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তুলেছে। এই ম্যাচে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp