অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করা নিয়ে মুখ খুললেন কেএল রাহুল

KL Rahul
KL Rahul. ( Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে এসে ভারতকে হারতে হয়েছিল। এই সিরিজের শেষ ম্যাচটিতে ভারতীয় দলকে অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গিয়েছিল। এই ম্যাচে রোহিত শর্মার সাথে ওয়াশিংটন সুন্দরকে ওপেনিং করতে দেখা গিয়েছিল। এছাড়াও কেএল রাহুল ৫ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। রাহুল এই ব্যাপারে নিজের বক্তব্যও জানিয়েছেন।

ম্যাচ শেষ হওয়ার পর জিও সিনেমাকে কেএল রাহুল বলেন, “চার এবং পাঁচে ব্যাট করা খুব একটা বড় পার্থক্য বলে মনে হয় না। তবে হ্যাঁ, সারাজীবন ব্যাটিং ওপেন করে ৫ নম্বরে নেমে যাওয়াটা অন্যরকম মনে হয়েছিল। গত কয়েক বছর ধরে আমি এই ভূমিকা পালন করছি এবং আমি দীর্ঘ সময় ধরে এই পজিশনে খেলছি।”

তিনি আরও বলেন, “সুতরাং, আমি বুঝতে পারি যে আমাকে প্রযুক্তিগতভাবে এবং মানসিকভাবে কি পরিবর্তন করতে হবে এবং কখন ঝুঁকি নিতে হবে। এছাড়াও, আমি খেলা থেকে কিছু সময় দূরে ছিলাম, আমি তখন কিছু খেলোয়াড়দের ভিডিও দেখেছিলাম যারা ৪ এবং ৫ নম্বরে সত্যিই ভালো করেছে, তারা কিভাবে তাদের ইনিংসকে এগিয়ে নিয়ে যায় তা আমি লক্ষ্য করেছিলাম। সুতরাং, আমি যখন মাঝখানে যাই তখন আমি পরিস্থিতির মূল্যায়ন করি এবং আমি যা করতে পারি তা কার্যকর করি।”

তৃতীয় একদিনের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হেরেছে ভারত। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রান তুলতে সক্ষম হয়েছিল। মিচেল মার্শ ৮৪ বলে ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনও ভালো রান পেয়েছিলেন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ইনিংস ২৮৬ রানে শেষ হয়ে গিয়েছিল। রোহিত ৫৭ বলে ৮১ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল ১০ ওভারে মাত্র ৪০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন।

“এশিয়া কাপ সত্যিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল” – কেএল রাহুল

এশিয়া কাপ ২০২৩ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজটিতে ভারতীয় দলের পারফরম্যান্সের ব্যাপারেও মুখ খুলেছেন কেএল রাহুল। এবারের এশিয়া কাপে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন রাহুল।

কেএল রাহুল বলেন, “গত কয়েক সপ্তাহ সবাইকে একই মানসিকতায় ফেলেছে। এশিয়া কাপ সত্যিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, প্রতিটি ম্যাচই ছিল মাস্ট-উইন ম্যাচ এবং আমরা খুব প্রতিযোগিতামূলক খেলা খেলছিলাম। এই সিরিজেও একই পরিস্থিতি ছিল, আমরা খুব ভালো অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে খেলেছি এবং তারা গত কয়েক বছর ধরে ভারতে আমাদের থেকে এগিয়ে আছে। তাই, আমরা আমাদের যথাসাধ্য করার চেষ্টা করেছি – আমাদের খুব নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়েছিল এবং সেগুলিকে কার্যকর করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে বলা হয়েছিল। সৌভাগ্যবশত আমাদের অনেক ছেলেরা এটা সত্যিই ভালোভাবে পালন করেছে। তাই আশা করি, আমরা এটি করে যেতে পারব এবং একটি দল হিসেবে আরও ভালো হতে পারব।”

close whatsapp