ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে কি ওপেনার হিসেবে পান্ত! প্রাক্তন ক্রিকেটারের পরামর্শ তেমনই
নজর থাকবে ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে কে খেলেন সেই দিকে
আপডেট করা - Jul 6, 2022 3:07 pm

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ওয়াসিম জাফর মনে করেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ইনিংস ওপেন করার জন্য সবচেয়ে উপযুক্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির আগে, জাফর পান্ত এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনিংস ওপেন করার প্রস্তাব করেছেন।
এই বছরের শেষের দিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মেন ইন ব্লু আসন্ন ইংল্যান্ড সিরিজকে সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখবে এবং দলের কম্বিনেশন ঠিক করতে চাইবে। ভারত তিন ম্যাচের সিরিজে জস বাটলারের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেলবে।
জাফর নিজের ধারণা প্রকাশ করে টুইট করেছেন, “ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের টি-টোয়েন্টিতে ঋষভ পন্তের সাথে ওপেন করার বিষয়ে চিন্তা করা উচিত। আমি মনে করি এটিই সেই জায়গা যেখানে সে ভালো খেলবে। #ENGvIND।”
Indian think tank should think about opening with Rishabh Pant in T20Is. I think that's the spot where he can blossom. #ENGvIND
— Wasim Jaffer (@WasimJaffer14) July 6, 2022
টি-২০তে পান্তের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নয়
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে ওপেনার হিসেবে খেললেও টি-২০তে কখনও ওপেন করেননি পান্ত। তিনি ছয়বার ৩ নম্বরে ব্যাট করেছেন, এবং ১২৭.১৭ স্ট্রাইক রেটে ১১৭ রান করেছেন। ৪ এবং ৫ নম্বরে তিনি তাঁর বেশিরভাগ সাফল্য উপভোগ করেছেন। বাঁ-হাতি এই ব্যাটার ৩৫ ম্যাচে ৬১৯ রান করেছেন, যার মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।
যদিও লাল বলের ক্রিকেটে পান্ত দিনের পর দিন উন্নতি করেই চলেছেন, কিন্তু খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর পরিসংখ্যান একেবারেই মনোমুগ্ধকর নয়। ২০২১ থেকে এই বাঁ-হাতি ব্যাটার টি-২০তে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন যেটি এসেছিল এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর শেষ টি-টোয়েন্টি সিরিজে হতাশ করেছিলেন, পাঁচ ইনিংসে ২৯-এর সেরা স্কোর সহ মাত্র ৫৮ রান করেছিলেন।
আইপিএলে তেমন ভালো না করলেও ঈশান কিষাণ আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন এবং উইকেটকিপার হিসেবে অল্প সুযোগেই নজর কেড়েছেন। অন্যদিকে, আইপিএল ২০২২-এ অসামান্য পারফর্ম্যান্স করে দীনেশ কার্তিক তিন বছরেরও বেশী সময় পর জাতীয় টি-২০ দলে ফিরে এসেছেন এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে একটি হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরাও হন।
এই দুজন ভারতের প্রথম একাদশে যত নিজেদের জায়গা পোক্ত করবেন তত পান্তের জায়গা হারানোর সম্ভাবনা তৈরী হবে। আসন্ন টি-২০ সিরিজে পান্ত শক্তিশালী পারফর্ম্যান্স করতে পারেন কি না সেই দিকে নজর থাকবে।