করোনা আক্রান্ত রোহিত, কোভিড বিধি মানা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের ওপর অসন্তুষ্ট বিসিসিআই?

Virat Kohli
Virat Kohli. (Photo Source: BCCI)

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের নির্ণায়ক ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে নামার আগে হঠাত্ই দলের অধিনায়কের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক তথা সেরা ওপেনার রোহিত শর্মা। তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যেমন চিন্তা বেড়েছে। তেমনই শোনাযাচ্ছে রোহিত সহ ভারতীয় ক্রিকেটারদের ওপর নাকি অসন্তুষ্টও হয়েছেন বিসিসিআই কর্তারা।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোহিত শর্মার মতো ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়া ভারতীয় দলের অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। সেইসঙ্গেই শোনাযাচ্ছে ইংল্যান্ডে ভারতীয় দলের ক্রিকেটারদের হাবভাবে নাকি খানিকটা হলেও অসন্তুষ্ট হয়েছেন বোর্ড কর্তারা। রোহিত শর্মার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই, ক্রিকেটারদের করোনার ন্যূনতম নিয়ম মানা নিয়েই নাকি অসন্তুষ্ট হয়েছেন বোর্ড কর্তারা। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার নামা নি্য়েও দেখা দিয়েছে জোর জল্পনা।

ইনসাইড স্পোর্টে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, একটা দলের ক্ষেত্রে এটা সত্যিই খুব দায়িত্বজ্ঞানহীনতার ব্যপার। করোনার ঝুঁকি সম্বন্ধে তাদের ওয়াকিবহাল করা হয়েছিল এবং ভিড়ের জায়গায় মাস্ক ব্যবহারের পরামর্শই দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেতে পেয়েছি যে রোহিত, বিরাট, ঋষভ  সহ বেশীরভাগ ক্রিকেটারররাই সেই পরামর্শ মানেননি। তারপর যা হওয়ার সেটাই হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে লেস্টারে পাঁচ দিনের আইসোলেশনে রয়েছেন রোহিত শর্মা

২০২১ সালে এই করোনার জন্যই শেষ টেস্টে  নামা হয়নি দুই দলের। সেই সিরিজ নির্ণায়ক টেস্ট সেই সময় স্থগিত হয়ে গিয়েছিল। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজের সফরের সময়ই সেই সিরিজ নির্ণায়ক টেস্ট খেলানোর কথা ঘোষণা করা হয়েছিল। টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল।  এই ম্যাচ জয় কিংবা ড্র করতে পারলেই ইংল্যান্ডের মাটিতে রেকর্ড গড়বে ভারতীয় দল। কিন্তু সেই লক্ষ্যে নামার আগে দলের অধিনায়কের করোনা আক্রান্তই সমস্যায় ফেলছে ভারতীয় শিবিরকে।

গতবছর লোকেশ রাহুল এবং রোহিত শর্মার ওপেনিং পার্টনারশিপই প্রতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থক্যটা গড়ে দিয়েছিল। এই বছর চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। আপাতত পাঁচদিনের আইসোলেশনে রয়েছেন তিনি। মাঠে নামতে হলে ৩০ জুলাইয় তাঁর দুটো করোনা পরীক্ষার ফলই নেগেটিভ আসতে হবে।

এই পরিস্থিতিতে চাপটা ক্রমশই বাড়তে শুরু করেছে ভারতীয় শিবিরের ওপর। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বায়োবাবল তুলে দেওয়ার কথা শোনা গিয়েছিল বোর্ডকে। ইংল্যান্ডে গিয়ে বায়ো বাবলে থাকতে হচ্ছে না ক্রিকেটারদের। কিন্তু করোনার জন্য কিছু বিধি-নিষেধ মানা তাদের বাধ্যতামূলক ছিল। কিন্তু বারবারই রাস্তায় মাস্ক ছাড়া দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। শুধু তাই নয় ভিড়ের মাঝেও মাস্ক ছাড়াই ঘুরে বেড়িয়েছে তারা।

এরপরই রোহিত শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বোর্ড কর্তারা যে খানিকটা হলেও ভারতীয় ক্রিকেটারদের ওপর অসন্তুষ্ট হয়ে রয়েছেন তা বেশ স্পষ্ট।

close whatsapp