ট্রফি জেতার দৌড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আগে গুজরাট টাইটান্সকে রাখলেন এবি ডি ভিলিয়ার্স

AB de Villiers
AB de Villiers. (Photo source: Jio cinema)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে নিজেদের প্ৰথম ম্যাচে পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৮ উইকেটে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে এবি ডি ভিলিয়ার্স ট্রফি জেতার দৌড়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল এবং গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে (জিটি) আরসিবির আগে রেখেছেন। প্ৰথম ম্যাচে আরসিবি এত বড় জয় পাওয়ার পরেও তিনি নিজের মতামতে অনড় রয়েছেন।

আরসিবির প্রাক্তন খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স এনডিটিভিকে বলেন, “অনেক দিন আগে, আইপিএল নিলামের সময় আমি বলেছিলাম যে গুজরাট টাইটানস পরপর জিততে চলেছে। আমি এখনও সেটাই বলছি, যদিও আমি সত্যিই চাই আরসিবি জিতুক। গত বছর থেকে আমি অনুভব করেছি যে তাদের দলটি সত্যিই দুর্দান্ত এবং খুব ভারসাম্যপূর্ণ। তাদের যথেষ্ট ক্ষমতা আছে। আশা করি, আরসিবি শেষ অবধি যাবে।”

“আমি তার কিছু সাক্ষাৎকার দেখেছি যেখানে তিনি আগের চেয়ে বেশি হাসছেন” – এবি ডি ভিলিয়ার্স

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি সেই ম্যাচে ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান অধিনায়কও ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেছিলেন।

এবি ডি ভিলিয়ার্স বলেছেন যে তিনি বিরাটকে আগের থেকে বেশি হাসতে দেখছেন। এছাড়াও তিনি বলেছেন যে আগের মরসুমে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর বিরাট অনেকটাই স্বস্তি পেয়েছেন।

এবি ডি ভিলিয়ার্স বলেন, “আমি খুব বেশি পরিবর্তন দেখিনি, সবকিছু একই রকম আছে। কৌশলগত ভাবে তাকে ভালো দেখাচ্ছে; তিনি ক্রিজে সঠিক ভারসাম্য বজায় রাখছেন। তিনি মাঠে প্রচুর সক্রিয়তার সাথে এখনও সেই ‘ব্যস্ত’ খেলোয়াড়ই আছেন। এই মরসুমে তাকে সত্যিই খুব সতেজ দেখাচ্ছে। আমি তার কিছু সাক্ষাৎকার দেখেছি যেখানে তিনি আগের চেয়ে বেশি হাসছেন।”

তিনি আরও বলেন, “গত মরসুমে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তিনি অনেকটাই স্বস্তি পেয়েছেন। তিনি একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন কিন্তু তিনি আন্তর্জাতিক এবং আইপিএল উভয় ক্ষেত্রেই দীর্ঘ সময়ের জন্য এটি করছিলেন যা কখনও কখনও ভয়ঙ্কর হতে পারে। আপনি কখনই আনন্দ করার বা পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পান না। আমি মনে করি এই মরসুমের জন্য এটিই তার মন্ত্র, মজা করো এবং হাসতে থাকো।”

 

close whatsapp