অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়া যেতে পেরে উচ্ছ্বসিত বেন স্টোকস

চোট সারিয়ে চার মাস পর মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার

Ben Stokes
Ben Stokes. (Photo by Gareth Copley/Getty Images)

আঙুলের চোট থেকে সেরে উঠে এবং মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নেওয়ার পর অ্যাশেজ সিরিজে ফিরতে পেরে বেন স্টোকস উচ্ছ্বসিত। প্রাথমিকভাবে নির্বাচিত স্কোয়াডে তিনি না থাকলেও কয়েক দিন আগে পরিবর্ধিত স্কোয়াডে তাঁর স্থান হয়েছে। ৩০ বছর বয়সী অলরাউন্ডার জুলাই থেকে কোনো ক্রিকেট খেলেননি। গত মাসে ক্রিস সিলভারউডের ১৭ সদস্যের দলে তাঁর জায়গা হওয়ায় অনেকেই চমকিত হয়েছেন।

ব্রিসবেনে ৮ই ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজের জন্য বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে জো রুটের দল এবং স্টোকস বলেছেন যে সিরিজে অংশ নেওয়ার জন্য তাঁর তর সইছে না।

স্টোকস স্কাই স্পোর্টসকে বলেছেন, “আমি দিনে দিনে উন্নতি করেছি, ক্রিকেটে ফিরেছি এবং আমার চারপাশে সবার থেকেই দুর্দান্ত সমর্থন পেয়েছি। আমি মাঠে ফিরে আসতে পেরে উত্তেজিত এবং সবার সাথে আবার দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না।”

এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনে ইংল্যান্ডের স্কোয়াডকে নিঃসন্দেহে শক্রিশালী করবে। ২০১০/১১-র পর থেকে ‘ডাউন আন্ডার’-এ ইংল্যান্ড সিরিজ জিতে আসতে পারেনি। এক দশক পর অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফেরার লক্ষ্য পূরণ করতে হলে স্টোকসকে বড় অবদান রাখতে হবে।

২০১৩/১৪র অ্যাশেজে স্টোকসের  অভিষেক হয়েছিল। পার্থে কঠিন ব্যাটিং পরিস্থিতিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। যদিও ০-৫ হোয়াইটওয়াশ থেকে ইংল্যান্ডকে বাঁচাতে পারেননি। চার বছর আগের শেষ অস্ট্রেলিয়া অ্যাশেজে স্টোকস দলের অংশ হতে পারেননি। ব্রিস্টলের নাইট ক্লাবে বিবাদে  জড়িয়ে শাস্তিমূলক পদক্ষেপের কারণে তাঁকে দল থেকে নির্বাসিত থাকতে হয়েছিল।

একজন খেলোয়াড় দিয়ে একটি দল তৈরি হয় না – বেন স্টোকস

২০১৯-এ ইংল্যান্ডে আয়োজিত বিগত অ্যাশেজ সিরিজে স্টোকস অন্য উচ্চতায় নিয়ে যান নিজেকে। হেডিংলে টেস্টে ৩৫৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে একাদশ নম্বর ব্যাটার জ্যাক লিচকে সঙ্গী করে ইংল্যান্ডকে এক উইকেটে ম্যাচ জেতান তিনি। স্টোকস অপরাজিত থাকেন ১৩৫ রানে। 

তাঁর প্রত্যাবর্তন ইংল্যান্ডের জন্য তাৎপর্যপূর্ণ হলেও ডারহামের এই ক্রিকেটার তাঁর প্রত্যাবর্তনকে খুব বড় করে দেখছেন নয়া। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “একজন খেলোয়াড় দিয়ে একটি দল তৈরি হয় না। সেই দলের প্রত্যেক সদস্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্রিকেটারই নিজের ক্ষমতায় ম্যাচ জেতাতে পারে।” 

ইংল্যান্ড অধিনায়ক রুটও এই অলরাউন্ডারকে দলে ফিরতে দেখে উচ্ছ্বসিত। অধিনায়ক বলেন, “সেই বেন স্টোকসকে ফিরে পেতে ওকে অনেক খাটতে হবে। সে একটি বড় সম্পদ। সিরিজের বেশ কিছু সময় আমাদের চ্যালেঞ্জিং হতে চলেছে। যতটুকু সুযোগ পাওয়া যাবে তাকেই কাজে লাগাতে হবে। স্টোকস এমন একজন যে সবসময়ই সেই সুযোগ কাজে লাগাবে।” 

close whatsapp