ইংল্যান্ডের দ্বিতীয় দিনের বোলিং পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন মাইকেল ভন
আপডেট করা - Jun 18, 2023 3:25 pm

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রান করে ইনিংস ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তাদের দলের অধিনায়ক বেন স্টোকসকে এই সিদ্ধান্তটির জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে স্কোরবোর্ডে ইংল্যান্ডের আরও কিছুটা রান তোলা উচিত ছিল। ক্রিজে তখনও জো রুট ছিলেন। তিনি নিজের শতরানও সম্পূর্ণ করে ফেলেছিলেন। রুট যেখানে ক্রিজে টিকেছিলেন সেখানে বেন স্টোকসের ইনিংস ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্তটি অনেকেই মেনে নিতে পারেননি। অনেকে অবশ্য ইংল্যান্ডের অধিনায়কের পাশেও দাঁড়িয়েছিলেন।
অধিনায়কের পর এইবার সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডের বোলারদের। তারা দ্বিতীয় দিনের শুরুটা ভালোভাবে করলেও শেষটা ভালোভাবে করতে পারেননি। ৩ উইকেট হারানোর পর ম্যাচে দারুণভাবে কামব্যাক করে অস্ট্রেলিয়া। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩১১ রানে গিয়ে দাঁড়ায়। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন দ্বিতীয় দিন ইংল্যান্ডের বোলিং পারফরম্যান্স দেখে একদমই সন্তুষ্ট হননি। তিনি এজবাস্টনের পিচের ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন। দ্বিতীয় দিন জনি বেয়ারস্টো ক্যামেরন গ্রিনকে স্টাম্প করতে ব্যর্থ হন, জো রুট অ্যালেক্স কেরির ক্যাচ ফেলে দেন এবং স্টুয়ার্ট ব্রড নো বল করায় উসমান খাওয়াজা একটি জীবনদান পান।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে মাইকেল ভন বলেন, “ইংল্যান্ড সেই সুযোগগুলি মিস করার জন্য অনুতাপ করবে। এই পিচটি খুব সমতল। আমার উদ্বেগের কারণ হল তাদের শরীর। তাদের বিবর্ণ দেখাচ্ছিল এবং ছয় সপ্তাহ ধরে যে পাঁচ ম্যাচের সিরিজ চলবে সেখানে এটি তাদের প্রথম দিন ছিল। আমি আজ অলি রবিনসনের বোলিং দেখে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম। তাকে অনেকটা পিচের বাইরে চলে যেতে দেখা গিয়েছিল। আমি নিশ্চিত নই যে তার গোড়ালিতে কোনো সমস্যা আছে কিনা।”
তিনি আরও বলেন, “সমস্যা হল এই পিচটি সিমারদের জন্য এতই ধীর এবং কঠিন, যখন আপনি বাউন্সার বল করতে যাবেন তখন এটি আপনাকে সমস্যার মধ্যে ফেলে দেবে। যদি তারা আগামী ছয় সপ্তাহ ধরে এই পিচে খেলতে থাকেন তবে আমি নিশ্চিত যে অনেক সিমাররাই কার্যকর হয়ে উঠতে পারবেন না।”
একটি দুরন্ত শতরান করেছেন উসমান খাওয়াজা
টপ অর্ডারের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও উসমান খাওয়াজা ব্যাট হাতে সফল হয়েছেন। তিনি ২৭৯ বলে ১২৬ রান করে এখনও ক্রিজে টিকে রয়েছেন।
ট্র্যাভিস হেড ৬৩ বলে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন ৬৮ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কেরি ৮০ বলে ৫২ রান করে ক্রিজে টিকে রয়েছেন।