কঠিন হলেও অবসরের সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতে জেমস প্যাটিনসন

স্বীকার করলেন চোটের কারণে হাঁটতে গিয়েও ব্যথা অনুভব করতেন

James Pattinson
James Pattinson. (Photo by Jono Searle/Getty Images)

সম্প্রতি অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। তাঁর এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার আসন্ন গ্রীষ্মে তাঁর পক্ষে অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া সম্ভব হবে না। তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটমহলে অনেকের কাছেই বিশাল ধাক্কা হিসাবে এসেছিল। এখন এই স্পিডস্টার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে মুখ খুলেছেন।  

তিনি প্রকাশ করেছেন যে ওই বিষয়ে সতীর্থ প্যাট কামিন্সের সঙ্গে আলোচনাও করেছিলেন। প্যাটিনসন বলেছেন যে তিনি প্রাক-মরসুমের জন্য তার প্রস্তুতি সত্যিই ভালভাবে শুরু করেছিলেন। তবে চলমান মহামারী এবং একটি চোটের কারণে তাঁর ফিরে আসা কঠিন হয়ে পড়ে। চ্যালেঞ্জিং সময়ে নেটে বোলিং করা তার জন্য কতটা কঠিন ছিল তাও তিনি বলেছেন। 

“আমি প্যাট কামিন্সের সাথে বেশ ঘনিষ্ঠ এবং আমি আগে তাকে ফোন করেছিলাম (অবসর ঘোষণা করার বিষয়ে) এবং তিনি বলেছিলেন, “এমন কোন উপায় আছে যাতে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য রাজী হতে পারো? অ্যাশেজের জন্য নিজেকে ফিট করার জন্য এবং নিজেকে সেরা সম্ভাব্য সুযোগ দেওয়ার জন্য আমি প্রাক-মরসুম প্র্যাকটিস শুরু করেছিলাম। আমি সত্যিই ভাল শুরু করেছিলাম। কিন্তু তারপরে কোভিড -১৯ এল এবং আমি চোটে আহত হলাম। যখনই আমি নেটে ১০০ শতাংশ দিয়ে বোলিং করছিলাম, প্রতিবারই আমি ব্যথা অনুভব করছিলাম,” প্যাটিনসন ফক্স ক্রিকেটকে বলেছেন। 

তাঁর চোট প্রসঙ্গে তিনি বলেন, “বোলিং করার পর আমি খুব কম দিনই হাঁটতে পারতাম। আমি বাড়িতে ফিরে আমার বাচ্চাকে খুব কমই কোলে তুলতে পারতাম। এমনও সময় এসেছিল যখন আমি আমার চোট নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।” 

আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা নিয়ে আমি খুশি: জেমস প্যাটিনসন

অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার অবসরের সিদ্ধান্ত নিয়ে আরও কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে কঠিন ছিল, তবে তিনি এখন অনেক বেশি স্বস্তি বোধ করছেন। তিনি আগামী বছর নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। প্যাটিনসন আরও যোগ করেছেন যে তিনি ভিক্টোরিয়ার তরুণ বোলারদের সাহায্য করার জন্য উন্মুখ।

“যেহেতু পরিশ্রম কমিয়েছি তাই আমার শরীর ঠিক আছে। আমি একটু আরাম করতে পারব, ক্রিকেট খেলার জন্য নিজেকে ব্যস্ত করে তুলতে হবে না। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা নিয়ে আমি খুশি। আমি সম্ভবত পরের বছর নটিংহ্যামের সাথে খেলব এবং তারপর এখানে ফিরে আসব এবং বিগ ব্যাশ খেলব এবং ভিক্টোরিয়ার হয়ে খেলব। এখন আমি ভিক্টোরিয়ার কিছু তরুণ বোলারকে সাহায্য করার চেষ্টা করতে পারি,” শেষ করেছেন প্যাটিনসন। 

close whatsapp