অ্যাশেজে আম্পায়ারিংয়ের করুণ দশা দেখে উদ্বিগ্ন রিকি পন্টিং

বেন স্টোকস একের পর নো-বল করলেও আম্পায়াররা সেগুলি শনাক্ত করতে ব্যর্থ

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

গাব্বায় প্রথম অ্যাশেজ টেস্টের ২য় দিনে ডেভিড ওয়ার্নারকে বেন স্টোকস নো-বলে আউট করার পর অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ‘করুণ’ আম্পায়ারিংয়ের নিন্দা করেছেন।  

প্রায় পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে গতকাল প্রত্যাবর্তন করা স্টোকস ওয়ার্নার যখন ১৭ রানে ব্যাট করছিলেন তখন তাঁকে আউট করেন। তবে, রিপ্লেতে দেখা গেছে ইংলিশ অলরাউন্ডার ওভারস্টেপ করেছেন, ডেভিড ওয়ার্নার বেঁচে যান। 

স্টোকস ওভারস্টেপ করলেও সেগুলি নো-বল ডাকা না হওয়ায় পন্টিং বিরক্ত

ঘটনাক্রমে, বেন স্টোকস ওয়ার্নারের আউট হওয়ার আগে সেই ওভারের প্রতিটি ডেলিভারিতেই ওভারস্টেপ করেছিলেন, কিন্তু একটি বলেও নো-বল ডাকা হয়নি, যা দেখে রিকি পন্টিং বিরক্ত হয়েছেন। চ্যানেল 7-এ কথা বলতে গিয়ে কিংবদন্তী ব্যাটার বলেছেন, “যদি উপরে (টিভি আম্পায়ারের ঘরে) থাকা কেউ এই ডেলিভারিগুলি পরীক্ষা করে দেখেন এবং তাঁরা এই সিদ্ধান্ত নেন যে এর মধ্যে কোনটিই নো-বল নয়, তবে আমি উদ্বিগ্ন হয়ে বলছি যে আম্পায়ারিংয়ের খুব করুণ দশা।”    

বর্তমানে আইপিএলে দিল্লী ক্যাপিটালসের কোচ ৪৬ বছর বয়সী যোগ করেছেন, “আমরা ওভারের পরের দিকটা নিয়ে আলোচনা করছি। যদি প্রথমেই স্টোকসের ডেলিভারিকে নো-বল ডাকা হত তবে সে নিশ্চয় সাবধান হয়ে পরের ডেলিভারিগুলিতে পা পিছনের দিকে রেখেই বল করত। আমি নিশ্চিত নই যে কী হয়েছে। আমি জানতে আগ্রহী কেন এটা আগে ডাকা হয়নি।” 

ওয়ার্নার মার্নাস ল্যাবুশেনকে সঙ্গে নিয়ে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন। ওয়ার্নার শেষ অবধি অলি রবিনসনের বলে বেন স্টোকসের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৯৪ রানে। ল্যাবুশেন করেন ৭৪ রান। 

অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে দাপুটে বোলিং করে ইংল্যান্ডকে ১৪৭ রানে অল আউট করতে সক্ষম হয়। ইংল্যান্ডের ব্যাটিংকে তছনছ করে দেন অস্ট্রেলীয় পেস ত্রয়ী – প্যাট কামিন্স। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।  

ইংল্যান্ড অধিনায়ক জো রুট স্বীকার করেছেন যে স্টোকসের ওভারস্টেপিং ইংল্যান্ড দলের জন্য হতাশাজনক। “সামান্য হতাশাজনক কিন্তু আমরা এটি নিয়েই মেতে থাকতে পারি না,” রুট বলেছেন। স্পষ্টতই রুট এই বিষয় নিয়ে অধিক জলঘোলা চাননি।

ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার সাইমন টফেল বলেছেন যে বোলারের করা প্রতিটি বল পরীক্ষা করা দরকার। “তাদের প্রতিটি বল পরীক্ষা করার কথা। আমি সত্যিই এটি ব্যাখ্যা করতে পারছি না,” টফেল বলেছিলেন।

প্রতিবেদনটি লেখার সময় অজিরা ৮০ ওভার খেলে ৩২০/৭-এ পৌঁছেছে। ট্র্যাভিস হেড ৯৭ রানে অপরাজিত।

close whatsapp