“ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে” – রাহুল ত্রিপাঠী সম্পর্কে স্টেইন
সানরাইজার্সের অন্যতম ধারাবাহিক ব্যাটার রাহুল ত্রিপাঠী
আপডেট করা - May 1, 2022 8:57 pm

রাহুল ত্রিপাঠী ২০১৭ সালে প্রথমবার আইপিএলে আসার পর থেকে টুর্নামেন্টের ধারাবাহিক পারফরমারদের একজন। অধুনাবিলুপ্ত রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে আত্মপ্রকাশ করার পর থেকে তিনি রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর তাঁর চতুর্থ ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করছেন। প্রতিভাবান এই ব্যাটার বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিন নম্বরে ব্যাটিং করছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।
এসআরএইচ বোলিং কোচ ডেল স্টেইনের মতে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার সম্ভাবনা থাকা সত্ত্বেও রাহুল ত্রিপাঠী ভারতের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এই বিষয়ে প্রোটিয়া পেস আইকন যোগ করেছেন যে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডের ক্ষেত্রে ত্রিপাঠি অবশ্যই পরিকল্পনায় থাকতে পারেন।
রাহুল ত্রিপাঠী অবশ্যই পরিপক্কতা দেখিয়েছে: ডেল স্টেইন
“আমি অবশ্যই বিশ্বাস করি যে রাহুলের ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার গুরুতর সুযোগ রয়েছে। আইপিএল এমন একটি মঞ্চ যা খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে দেয় এবং সেখান থেকে ভারতীয় জাতীয় দলে খেলোয়াড় হিসেবে নির্বাচনের সুযোগ থাকে। এটা খুবই অদ্ভুত যে সে এখনও পর্যন্ত ভারতীয় দলে সুযোগ পায়নি,” স্টেইন স্পোর্টসকীড়াকে বলেছেন।
“যে পজিশনে সে ব্যাট করে [নং. ৩] ভারতীয় দলে বিরাট কোহলির দখলে, সেই জায়গা পাওয়া কঠিন হতে চলেছে। তবে সে বর্তমানে যেভাবে খেলছে এবং অতীতে যেভাবে খেলেছে, তাতে সে অবশ্যই পরিপক্বতা দেখিয়েছে। সে জাতীয় দলে ঢোকার দাবি পেশ করছে,” তিনি যোগ করেছেন।
রাহুল ত্রিপাঠী এখনও পর্যন্ত একটি ভালো মরসুম কাটিয়েছেন, তিনি আটটি ম্যাচে ৪৫.৬০ গড় এবং ১৭৪.০৫-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ২২৮ রান সংগ্রহ করেছেন। আইপিএল ২০২২-এর প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ার পর টানা পাঁচটি জয় অর্জন করা অরেঞ্জ আর্মির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন তিনি।
২০১৬ সালের বিজয়ীরা ফেব্রুয়ারিতে এই বছরের মেগা নিলামে ৮.৫০ কোটি টাকার বিনিময়ে রাহুলকে কিনেছিল। ১লা মে পুনের এমসিএ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন সিএসকের বিরুদ্ধে এসআরএইচের পরবর্তী খেলার সময় ব্যাট হাতে তাঁকে পারফর্ম করতে দেখা যাবে।