ধোনির জন্যই এখনও হার্দিক টিমে আছেন! রিপোর্ট
আপডেট করা - Oct 29, 2021 6:45 pm

ভারত এবং নিউজিল্যান্ড দুটি দলই পাকিস্তানের কাছে হারায় রবিবারের ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল ম্যাচ। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই ম্যাচে যে জিতবে সেই দলই সেমিফাইনালে পৌঁছবে। কারণ, পয়েন্টের বিচারে সেই দলের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে।
আর সেই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস। অবশ্য জানা গিয়েছে, ফিটনেস টেস্টে পাস করছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। কিন্তু রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে কি প্রথম একাদশে দেখা যাবে ? এটাই এখন সবচেয় বড় প্রশ্ন। কারণ, তাঁর ফর্ম এবং বোলিং আদৌ করতে পারবেন কি না সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সেই জায়গায় ইশান কিসান ফর্মে রয়েছেন। তাই তারঁ পক্ষে সওয়াল ওঠাই স্বাভাবিক।
এর থেকে বড় খবর, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এক সূত্রের তরফে দাবি করা হয় ভারতীয় নির্বাচকরা আদপে হার্দিককে দলে রাখতে চাননি। তবে নবনিযুক্ত ভারতীয় দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনির জোড়াজুড়িতেই নাকি তাঁকে দলে রেখে দেওয়া হয়। উক্ত সূত্রটি বলেন, ‘আসল সত্যিটা হল আইপিএলে বল না করার পর ভারতীয় নির্বাচকরা ওকে দেশে ফেরত পাঠাতে চেয়েছিল। তবে এম এস ধোনি হার্দিকের ফিনিশিং দক্ষতার দোহাই দিয়ে ওকে দলে রাখার আবেদন করেন।’
প্রসঙ্গত, ভারতীয় দলের আশা জাগিয়ে নেটে বল করতেও দেখা গেছে হার্দিককে। রবিবার হার্দিক ভারতের প্রথম এগারোয় থাকেন কি না, এখন সেটাই দেখার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ইশান কিসান, শার্দুল ঠাকুর এবং রবিচন্দন অশ্বিনের অন্তর্ভুক্তিও হতে পারে বলে গুঞ্জন। শেষ পর্যন্ত প্রথম একাদশ কেমন হয় সেটাই এখন দেখার। কারণ এই ম্যাচে ভারতকে জিততেই হবে।