শেষ ম্যাচে জিতেও বিদায় দক্ষিণ আফ্রিকা, সেমিফাইনালে উঠল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
আপডেট করা - Nov 6, 2021 11:55 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। গ্রুপের শেষ ম্যাচে প্রোটিয়ারা জেতায়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা-তিনটি দলই ৮ পয়েন্টে শেষ করে। তিনটি দলই গ্রুপে চারটে ম্যাচ জেতে, একটাতে হারে। কিন্তু নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড (নেট রানরেট ২.৪৬৪), ও অস্ট্রেলিয়া (নেট রানরেট ১.২১৬)। গ্রুপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড, দু নম্বরে অস্ট্রেলিয়া। গ্রুপ টু-থেকে পাকিস্তান ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। আগামিকাল, নিউ জিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিউইরা চতুর্থ দল হিসেবে সেমিতে উঠে যাবে।
শনিবার আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ৮ পয়েন্টে পৌঁছে যায়। এরপর সেমিফাইনালে উঠতে হলে দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে অন্তত ৩৫ রানের ব্যবধানে হারাতে হত দক্ষিণ আফ্রিকাকে। শারজায় প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১৮৯ রানের বড় স্কোরও গড়েছিল। তিন নম্বরে প্রোটিয়া ব্যাটসম্যান রাসে ভান ডান ডুসেন ৬০ বলে ৯৪ রানের অপরাজিত অনবদ্য ইনিংস খেলেন।
আইডেন মার্করাম ২৫ বলে ৫২ রানের অপরাজিত থাকেন। ডুসেন-মার্করাম ৫২ বলে ১০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। কিন্তু শেষ অবধি ইংল্যান্ডও ১৭৯ রান তোলায় জিতেও বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপে দক্ষিণ আফ্রিকা হেরেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া হেরেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। আর ইংল্যান্ড হারল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে জয়-পরাজয়ের ব্যবধানটাই এই গ্রুপ থেকে সেমিতে ওঠার বিষয়ে বড় ভূমিকা নিল।
গ্রুপ ওয়ান যেভাবে শেষ হল
১) ইংল্যান্ড: ৮ পয়েন্ট (নেট রান রেট ২.৪৬৪), ২) অস্ট্রেলিয়া: ৮ পয়েন্ট (১.২১৬), ৩) দক্ষিণ আফ্রিকা:৮ পয়েন্ট (০.৭৩৯), ৪) শ্রীলঙ্কা:৪ পয়েন্ট, ৫) ওয়েস্ট ইন্ডিজ: ২ পয়েন্ট, ৬) বাংলাদেশ: ০ পয়েন্ট
(প্রতিটি দল পাঁচটা করে ম্যাচ খেলল)