সঞ্জু স্যামসনের ভারতীয় দলে সুযোগ না হওয়ায় অবাক নন হরভজন সিং
আপডেট করা - May 27, 2022 3:29 pm

সদ্য দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই এবার বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আইপিএলে দুর্ধান্স পারফরম্যান্স প্রদর্শন করা তরুণ ক্রিকেটারদের প্রাধান্যই এবার লক্ষ্য করা গিয়েছে দলে। কিন্তু এতকিছুর মধ্যেই রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের জায়গা হয়নি দর্ষিণ আফ্রিকা সিরিজের। যা নিয়ে ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও হরভজন সিং কিন্তু এই সিদ্ধান্ত একেবারেই হতবাক হননি।
অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা যখন সঞ্জু স্যামসনের ভারতী দলে জায়গা না পাওয়া নিয়ে নানান কথাবার্তা শুরু করেছেন। সেই সময় নিরবাচকদের সিদ্ধা্ন্তকেই সমর্থন জানাচ্ছেন হরভজন সিং। তাঁর মতে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স এবারের আইপিএলে তেমন উল্লেখযোগ্য নয়। আর সেজন্যই বোধহয় নির্বাচকরা তাঁকে ভারতীয় দলে এবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে নিজের মন্তব্যের পিছনে কারণও দর্শালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
হরভজন সিংয়ের মতে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যেরকম পারফরম্যান্স দেখানো প্রয়োজন ছিল, তা এবার সঞ্জু স্যামসন দেখাতে পারেননি। যেমনটা হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিকরা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে দীনেশ কার্তিকের। শুধু তিনিই নন এবারের আইপিএলের পারফরম্যান্স দেখিয়েই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়াও। যদিও সঞ্জু স্যামসনের নিজেকে প্রমাণ করার সময় এখনও রয়েছে। প্লেঅফের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছেন তিনি।
আইপিএলের ১৫ ম্যাচে ৪২১ রান রয়েছে সঞ্জু স্যামসনের
সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়া প্রসঙ্গে স্পোর্টসকিডায় হরভজন সিং জানিয়েছেন, “সঞ্জু স্যামসনের দক্ষতা রয়েছে, কিন্তু এবারের আইপিএলে সেই মতো নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ২০ রান অথবা ৩০ রান দ্রুততার সঙ্গে করেছেন ঠিকই, কিন্তু নিজের অসাবধানতার জন্য সেগুলোকে বড় রানে বদলাতে পারেননি। স্পিন বোলার থেকে পেসারদের বিরুদ্ধে তাঁর উইকেট তিনি ছুঁড়ে দিয়েছেন। সেই ২০ রান অথবা ৩০ রানের পরিবর্তে সঞ্জুর যদি ৭০ রান থাকত, তবে ভারতীয় দলে নিশ্চিত তিনি সুযোগ পেতেন”।
শেষবার সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। কিন্তু বড় করতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের রান ছিল ৩৯ এবং ১৮। এরপরই আইপিএলের মঞ্চে নেমেছিলেন তিনি। সেখানেও সঞ্জু স্যামসন সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। প্রথম দিকের কয়েকটি ম্যাচ বাদ দলে সঞ্জু স্যামসনের ব্যাটে এবারও রান নেই। সেইসব মিলিয়েই হয়ত নির্বাচকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস।