গেইল, মেহেদির হাত ধরে খুলনার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বরিশাল ফরচুনের
আপডেট করা - Jan 29, 2022 4:43 pm

প্রথম ম্যাচে পারেননি। দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন ক্রিস গেইল। তাঁর ব্যাটিং এবং বল হাতে মেহেদী হাসানের দাপটেই কম রান করেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় ছিনিয়ে নিল বরিশাল ফরচুন। আর সেই ম্যাচেই অধিনায়ক সাকিব অল হাসানের নতুন রেকর্ড। টি টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন সাকিব। খুলনা টাইগার্সকে ১৭ রানে হারাল বরিশালের ফরচুনার্সরা। বরিশালের ১৪১ রান তাড়া করতে নেমে ১২৪ রানেই গুটিয়ে যায় খুলনার টাইগার্সদের ইনিংস। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা এদিন মেহেদী হাসান রানা ছাড়া তাই অন্য কেউই নয়।
বিপিএলে এদিন চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রতিযোগিতায় নিজেদের জায়গা ধরে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত সাকিব অল হাসানদের। অবশেষে মেহেদি হাসান রানার দুর্ধর্ষ বোলিংয়েই সেই কাঙ্খিত জয় এল বরিশালের। যদিও লিগ টেবিলে এখনও ওপরের সারিতে উঠতে পারেনি তারা। লাস্ট বয়দের সারিতেই রয়েছে।
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই বরিশালের ওপেনার লিনটট ফিরে যান। মিডল অর্ডারও চূড়ান্ত ব্যর্থ। কিন্তু ক্রিস গেইলের ব্যাট এদিন বরিশালকে সামলে দেয়। ওপেনিংয়ে নেমে একাই খুলনা টাইগার্সের বিরুদ্ধে লড়াইটা চালান ইউনিভার্স বস। ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ক্রিস গেইল। ৪৫ রানের মধ্যেই ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির ঝলক মেলে ইউনিভার্স বসের ব্যাট থেকে।
তিনি যখন সাজঘরে পেরেন তখন বরিশালের রান ৩ উইকেটে ৭৯। ব্যাট হাতে এদিনও সাকিব ব্যর্থ। তিনি ফেরেন ৯ রানে। শেষ মুহূর্তে নাজমুলের ১৯ এবং তওহিদের ২৩ রানে ভর করে ১৪১ রান করে বরিশাল ফরচুন। খুলনার সামনে তখন সহজ লক্ষ্য। আর বরিশালকে জিততে হলে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখাতে হবে।
সেটাই করে দেখালেন মেহেদি হাসান রানা। শুরু থেকেই এদিন কুলনার ব্যাটারদের ওপর চাপ বাড়াতে শুরু করেন বরিশালের বোলাররা। ৪০ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেন বরিশালের বোলাররা। এদিন অবশ্য খুলনার ওপেনারদের ফিরিয়ে প্রথম ধাক্কাটা মারেন মুজিব উর রহমান। এরপর থেকেই মাঠে মেহেদি হাসান রানার দাপট। মাত্র ১৭ রান দিয়ে একাই তুলে নেন ৪ উইকেট। মুশফিকুর, ইয়াসির আলিদের মতো ব্যাটরদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। মাঝে মেহেদী হাসানকে ফিরিয়ে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব অল হাসান।
১২৪ রানেই শেষ হয়ে যায় খুলনা টাইগার্সের ইনিংস। বিপিএলে দ্বিতীয় জয় পেয়ে আপাতত খানিকটা স্বস্তিতে বরিশাল ফরচুন।