পরপর চার ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে, স্বীকারোক্তি সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের

ফ্লেমিং মেনে নিলেন তিন বিভাগেই ব্যর্থ হয়েছে দল

Stephen Fleming
Stephen Fleming. (Photo Source: IPL/BCCI)

এই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মরসুমের প্রথম চার ম্যাচ হেরে শুরু করল চেন্নাই সুপার কিংস। চারবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে। শনিবার (৯ই এপ্রিল) সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সিএসকের আট উইকেটে পরাজয়ের পর তাদের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করেছেন যে চার ম্যাচ হেরে দলের আত্মবিশ্বাস তলানিতে। 

সিএসকের ব্যর্থতার পিছনে ফ্লেমিং মূলত দুটি বিষয়কে দায়ী করেছেন । প্রথমটি মরসুমে শুরুর আগে থেকেই তাদের ভোগাচ্ছে – দীপক চাহারের চোট এবং প্রথম একাদশে তাঁর বিকল্পের অভাব। দ্বিতীয় কারণ হিসেবে ফ্লেমিং চিহ্নিত করেছেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিনটি বিভাগেই সামগ্রিকভাবে নিম্নমানের পারফর্ম্যান্স।

প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক মনে করেন যে টানা চারটি পরাজয়ের পরে দলের মানসিকতা ভালো জায়গায় নেই। উল্লেখ্য এসআরএইচ তাদের আইপিএল ২০২২-এর অভিযান হতাশাজনকভাবে শুরু করলেও, তাদের প্রথম দুটি ম্যাচের হারের ধাক্কা পিছনে ফেলে বর্তমানে লিগ তালিকার দশম স্থান থেকে উঠে অষ্টম স্থানে এসেছে। সিএসকেকে হারাতে তাদের খুব কমই ঘাম ঝরাতে হয়েছে। এর থেকে বোঝা যায় যে রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন দলটির সামনে এমন অনেক গুরুতর সমস্যা রয়েছে যার অত্যন্ত দ্রুত সমাধান প্রয়োজন। 

প্লেয়ারদের না পাওয়া যাওয়া নিয়ে আমরা সমস্যাই ভুগছি: স্টিফেন ফ্লেমিং

“আমি মনে করি এটা (হারার কারণ) পরিষ্কার। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সামনের দিকের ম্যাচে দেখতে হবে যাতে আমরা আমাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের উন্নতি করি। আজকে আমরা ভালোই খেলছিলাম। আমরা একরকমভাবে শিখছি। প্লেয়ারদের না পাওয়া যাওয়া নিয়ে আমরা সমস্যাই ভুগছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের শক্তি কিছুটা কম। প্লেয়ারদের ফর্মে ফেরার অপেক্ষায় আছি আমরা,” ফ্লেমিং ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন।

“এবং আমাদের কাছে এমন কোন উদাহরণ নেই যা থেকে আমরা ভরসা পেতে পারি। আমরা কোনো খেলাই জিতছি না। কোনও ম্যাচই জেতার কাছাকাছি না থাকায় নিজেদের প্রতি কিছুটা সন্দেহ জাগে এবং খেলোয়াড়রা আশাহত হন। আমরা খুব দ্রুত ছন্দ খুঁজে পেয়ে টুর্নামেন্টে ফিরে আসার চেষ্টা করছি,” তিনি যোগ করেছেন।

উল্লেখ্য, ২০২০ মরসুম ব্যতীত, সিএসকে প্রতিবার আইপিএলের প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। তাই, ইয়েলো আর্মিকে সেই ধারা বজায় রাখার জন্য একটি অসাধারণ প্রত্যাবর্তন করতে হবে। ফিটনেস সমস্যা কাটিয়ে দীপক চাহার কবে ফিরতে পারবেন সেই দিলেটিম ম্যানেজমেন্ট অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। 

close whatsapp