১০০তম টেস্টে নামার আগে সতীর্থদের পক্ষ থেকে গার্ড অফ অনারের অভ্যর্থনা চেতেশ্বর পূজারাকে

সতীর্থরা ছাড়াও পূজারাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়

Guard of honour for Cheteshwar Pujara
Guard of honour for Cheteshwar Pujara।

টিম ইন্ডিয়ার ম্যারাথন ম্যান চেতেশ্বর পূজারা জাতীয় দলের হয়ে তাঁর ১০০তম টেস্টে খেলতে নামার আগে সতীর্থদের দ্বারা উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। পরিশ্রমী ব্যাটার ম্যাচ শুরুর আগে একটি অনবদ্য মুহূর্তের সাক্ষী হয়েছিলেন যখন তাঁর সতীর্থরা তাঁকে গার্ড অফ অনার দিয়েছিলেন।

ভারতীয় টেস্ট ব্যাটিং অর্ডারে স্তম্ভের মতো প্রতিষ্ঠিত হওয়া চেতেশ্বর পূজারা দলকে অনেক কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। ব্যাট হাতে তাঁর খারাপ সময়ের কারণে ২০২২-এর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেও ইংল্যান্ডে গিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রচুর রান করে আবার জাতীয় দলে ফিরে এসেছিলেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরি করে দীর্ঘ তিন বছরের টেস্ট শতরানের খরা কাটান। তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য প্রায় সময়ই সমালোচনার মুখে পড়লেও পূজারা দৃঢ় প্রত্যয়ে ক্রিজে টিঁকে থাকার মনোভাব থেকে সরে আসেননি।

পূজারার সতীর্থরা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারের মাইলস্টোন টেস্টের আগে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সৌরাষ্ট্রর ক্রিকেটার মাঠে নামার আগে দলের খেলোয়াড়দের থেকে গার্ড অফ অনার পেয়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজাও ভারতীয় ব্যাটারকে অভিনন্দন জানিয়েছিলেন মাইলফলকে পৌঁছনোর জন্য। অধিনায়ক রোহিত শর্মা আলিঙ্গন করেছিলেন আবেগপ্রবণ পূজারাকে  এবং ফোটো তোলার সময় তাঁর মুখে ছিল গর্বিত হাসি।

অসামান্য টেস্ট পরিসংখ্যান চেতেশ্বর পূজারার

ম্যাচ শুরু হওয়ার আগে কিংবদন্তী সুনীল গাভাস্কারের কাছ থেকে বিশেষ একটি ক্যাপ পেয়ে পূজারা বলেছিলেন, “আপনার কাছ থেকে এই ক্যাপটি পাওয়া সম্মানের বিষয়, আপনার মতো কিংবদন্তীরা আমাকে অনুপ্রাণিত করেছেন (সুনীল গাভাস্কারের কাছ থেকে ক্যাপ পেয়ে)। অল্প বয়স থেকেই আমি ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম কিন্তু আমি কখনই ভাবিনি যে আমি ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব। টেস্ট ক্রিকেট আমার কাছে চূড়ান্ত ফর্ম্যাট, এটি জীবনের মতোই আপনাকে চ্যালেঞ্জ করে। সমস্ত তরুণদের উদ্দেশ্যে, আমি আপনাদের সবাইকে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করব।”

তিনি যোগ করেছিলেন, “আমি আমার স্ত্রী, আমার পরিবার, বিসিসিআই-এর প্রত্যেককে এবং আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় আমাকে সমর্থন করেছেন।”

তাঁর ১০০তম ম্যাচে নামার আগে সৌরাষ্ট্রর খেলোয়াড় ১৯ সেঞ্চুরিসহ ৪৪.১৫ গড়ে ৭০২১ রান সংগ্রহ করেছেন। তিনি ১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করলেন। এর আগে গাভাস্কার, সচিন তেন্ডুলকার, অনিল কুম্বলে, বীরেন্দর সেহওয়াগ, বিরাট কোহলিরা এই অভিজাত তালিকায় স্থান করে নিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টে ভারত তাদের একাদশে মাত্র একটি পরিবর্তন করেছে। ফিট হয়ে ওঠা শ্রেয়াস আইয়ারকে একাদশে রাখা হয়েছে সূর্যকুমার যাদবের জায়গায়। এদিকে, অস্ট্রেলিয়া দলে স্কট বোল্যান্ডের জায়গায় খেলছেন অভিষেককারী বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুহ্‌নেমান। মিডল অর্ডারে ম্যাথিউ রেনশয়ের পরিবর্তে দলে ফেরানো হয়েছে ট্র্যাভিস হেডকে।

close whatsapp