ব্রায়ান লারার রেকর্ড ভাঙার জন্য বুমরাহ্‌কে অভিনন্দন জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তী

স্টুয়ার্ট ব্রডের এক ওভারে বুমরাহ্‌ একাই ২৯ রান করেন

Brian Lara
Brian Lara. (Photo by Aalok Soni/Hindustan Times via Getty Images)

এজব্যাস্টনে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। টেস্টের প্রথম দিনে ঋষভ পান্ত ও রবীন্দ্র জাডেজা নায়ক হলেও, দ্বিতীয় দিনে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জসপ্রিত বুমরাহ্‌। অস্থায়ী অধিনায়ক বুমরাহ্‌ স্টুয়ার্ট ব্রডের একটি ওভারে ২৯ রান করে শিরোনামে উঠে আসেন এবং পুরো ওভারে রান ওঠে মোট ৩৫, টেস্ট ইতিহাসে দুটিই রেকর্ড। কোন এক ওভারে এর আগে তিনজন বোলার ২৮ রান দিয়েছিলেন এবং কোন নির্দিষ্ট ওভারে কোন ব্যাটারের করা সর্বোচ্চ রানও ছিল ২৮। এর আগে রেকর্ডের অধিকারী ব্রায়ান লারা তাঁর রেকর্ড ভাঙার জন্য নতুন ভারতীয় অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন।

বুমরাহ্‌ যখন ২য় দিনের শুরুতে ব্যাট করতে নামেন তখন ভারত তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে ছিল। ডানহাতি পেসার নিশ্চিত করেছিলেন যে ভারত যেন তাদের মোট রান চারশো পার করতে পারে। ইনিংসের ৮৪তম ওভারে স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে বিধ্বংসী মেজাজে অবতীর্ণ হন বুমরাহ্‌ এবং অভিজ্ঞ বোলারকে রেয়াত না করে চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৯ রান তোলেন। নো বল ও ওয়াইডের কারণে ওভারে মোট ৩৫ রান ওঠে। ব্রায়ান লারার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন ভারতীয় পেসারের।

প্রায় .১৯ বছর ধরে টেস্টে এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ডটি লারার দখলে। ২০০৩ সালে ওয়ান্ডারার্সে একটি টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের বিপক্ষে এক ওভারে ২৮ রান করে কিংবদন্তী বাঁ-হাতি ব্যাটার রেকর্ড বইয়ে প্রবেশ করেছিলেন। পরে, অস্ট্রেলিয়ার জর্জ বেইলিও এক ওভারে ২৮ রান করে লারার সঙ্গে তালিকায় যোগ দেন। তবে সবাইকে ছাপিয়ে গেলেন বুমরাহ্‌।

বুমরাহর কৃতিত্বের জন্য টুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ব্যাটার। “টেস্টে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভাঙার জন্য তরুণ @Jaspritbumrah93-কে অভিনন্দন জানাতে আমার সাথে যোগ দিন। দুর্দান্ত করেছ,” ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক টুইট করেছেন।

বার্মিংহ্যামে আধিপত্য ভারতীয় পেসারদের

এদিকে, ভারতীয় অধিনায়ক ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন এবং সেই ছন্দ তাঁর বোলিংয়েও প্রতিফলিত হয়েছে। ফর্মে থাকা অলি পোপকে আউট করার আগে ২৮ বছর বয়সী বোলার দুই ইংলিশ ওপেনারকে ড্রেসিংরুমে ফেরত পাঠান। তাঁর বোলিং সঙ্গী, মহম্মদ শামি তাঁর ব্যতিক্রমী সিম বোলিংয়ে ইংলিশ ব্যাটারকে নাজেহাল করলেও দুর্ভাগ্যবশত একটির বেশী উইকেট তুলতে পারেননি। তবে মহম্মদ সিরাজ ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটকে আউট করে প্রতিপক্ষকে বড় ধাক্কা দিয়েছেন। 

close whatsapp