টেস্টে সুযোগ পেলে ভারতীয় দলের হয়ে যেকোনও পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হনুমা বিহারী
আপডেট করা - Jun 29, 2022 5:30 pm

আগামী ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচেরই দল গঠন নিয়ে এখন চর্চা তুঙ্গে রয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। বৃহ্পতিবারই তাঁর ভাগ্য নির্ধারণ। তিনি যদি একান্তই খেলতে না পারেন সেই জায়গায় তবে কোন ক্রিকেটারকে খেলানো হবে তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। অনেকের মুখেই হনুমা বিহারীর নাম শোনা যেতে শুরু করেছে। অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। এখন সুযোগ পাবেন কিনা জানা নেই, কিন্তু দলের হয়ে যেকোনও পজিশনেই খেলতে প্রস্তুত হনুমা বিহারী।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের শুরু থেকেই একের পর এক চোটের ধাক্কায় জেরবার ছিল টিম ইন্ডিয়া। সেখানেই তখন ভারতীয় দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন হনুমা বিহারী। চোট, যন্ত্রনাকে উপেক্ষা করে লড়াই চালিয়েছিলেন তিনি। আর তাতেই অজিদের সামনে সাফল্য ছিনিয়ে নিতে পেরেছিল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফরেও নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।
দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে নামার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই জায়গায় দলে এসেছিলেন হনুমা বিহারী। প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর রানের সৌজন্যেই খানিকটা লড়াই করার জায়গায় পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ ভারতের সামনে। সেখানে নামার আগেও হনুমা বিহারীকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে হনুমা বিহারী জানিয়েছেন, “এটা সবসময়ই চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি। কিন্তু খেলাতে যে জায়গাতেই আমি নামার সুযোগ পাই না কেন, আমি সবসময়ই চেষ্টা করি দলকে নিজের সেরাটা দিতে এবং যতটা সম্ভব ততটা অবদান রাখতে। ভারতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে কখনোই কেউ অভিযোগ করতে পারবে না, কারন সেখানে প্রতিযোগিতা অনেক বেশী”।
রোহিত শর্মার হঠাত্ অনিশ্চিত হয়ে পড়ার পর থেকেই ভারতীয় দলের ওপেনিং নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। ইতিমধ্যেই ময়াঙ্ক আগরওয়ালকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। যদি একান্তই রোহিত শর্মা খেলতে না পারেন, তাঁর জায়গায় ওপেন কে করবেন তা নিয়ে এখন থেকেই চলছে নানান আলোচনা। সেখানে হনুমা বিহারীর নামও উঠে এসেছে। ভারতীয় দলের হয়ে এর আগে ওপেন করেছেন তিনি।
কঠিন পরিস্থিতিতে বারবারই ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স করতে দেখা গিয়েছে হনুমাকে। দলে সুযোগ পেলে নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত হনুমা বিহারী। একইসঙ্গে দল যে জায়গায় তাঁকে খেলাতে চায় সেখানে নামতে চান তিনি। অর্থাত্ সরাসরি না বললেও, ওপেন করতেও যে হনুমা বিহারী প্রস্তুত তা কার্যত স্পষ্ট।